বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে নেদারল্যান্ডসের সঙ্গে অঘটনের কথা বাদ দিলে প্রোটিয়ারা যেন অজেয়। নিজেদের সবশেষ ম্যাচে চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তারা যেভাবে নাস্তানাবুদ করে জয় তুলে নিয়েছে, সেটি অতিমানবীয়ই।
এই উড়ন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশ দল পরের তিনটি ম্যাচই হেরেছে। স্বাভাবিকভাবেই ধুঁকতে থাকা টাইগার বাহিনীকে প্রোটিয়াদের বিপক্ষে অগ্নিপরীক্ষাই দিতে হবে।
.png)
এদিকে জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিউজিল্যান্ড কিংবদন্তি শেন বন্ড বলেন, ‘আকাশে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে আর যে দলই থামাক, বাংলাদেশ থামাতে পারবে না।’
ক্রিকইনফোর এক আলোচনায় সঞ্চালকের কাছ থেকে এমন প্রশ্নই গিয়েছিল সাবেক নিউজিল্যান্ড পেসারের দিকে, ‘দক্ষিণ আফ্রিকাকে থামাবে কে?’ বন্ড কোনো রাখঢাক না রেখেই বলেন, ‘বাংলাদেশ অন্তত পারবে না।’
সাবেক কিউই পেসারের মতে, ‘ওয়াংখেড়ে স্টেডিয়ামে দারুণ ব্যাটিং উপযোগী উইকেটে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের সঙ্গে আধিপত্য বিস্তার করেই জিতেছে। আমার মনে হয়, এমন একটা উইকেটে বাংলাদেশের জন্য তারা খুবই শক্তিশালী একটা দল।’
তবে কি ঘুরে দাঁড়ানোর ম্যাচে বাংলাদেশের কোনো আশাই নেই? একই অনুষ্ঠানে অন্য আলোচক চেতাস্বর পূজারা মনে করেন, ‘আমার মনে হয় আগে ব্যাটিং করলে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ওপর চাপ তৈরি করতে পারবে। দক্ষিণ আফ্রিকা আগে ব্যাটিং নিলে বড় সংগ্রহের দিকে যাবে। এই দলটার বিপক্ষে জিততে চাইলে আগে ব্যাটিং করাটাই বাংলাদেশের একমাত্র বিকল্প।’