ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফিরলেন জিকো-তপুরা, স্বস্তিতে ক্যাবরেরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৭, ২১ জানুয়ারি ২০২৪
ফিরলেন জিকো-তপুরা, স্বস্তিতে ক্যাবরেরা
ছবি- সংগৃহীত

সবমিলিয়ে গত বছরটা ভালোই কেটেছে বাংলাদেশ ফুটবল দলের। তবে গতবারের চেয়ে নতুন বছরে তাদের চ্যালেঞ্জটা আরো বেশি। মূলত, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ নিয়েই ভাবতে হচ্ছে বাফুফেকে। বিশেষ করে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে আশানুরূপ পারফরম্যান্স করতে পারলে ইতিহাস লেখার সুযোগ রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

আগামী ২১ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে বসুন্ধরা কিংসের ফুটবলার জিকো-তপু-মোরসালিনরা মাঠে ফেরায় স্বস্তি অনুভব করছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

গত ডিসেম্বরের শুরুতে ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়িয়ে ছুটিতে যান ক্যাবরেরা। গত পরশু ঢাকায় ফিরে আজ এসেছিলেন বাফুফে ভবনে। কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। সেখানেই তিন গুরুত্বপূর্ণ ফুটবলারের ফেরার ব্যাপারে কথা বলেছেন ক্যাবরেরা।  

Advertisement

গত বছর শৃঙ্খলাভঙ্গের কারণে ক্লাবের নিষেধাজ্ঞায় পড়তে হয়েছিল আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, রিমন হোসেন, শেখ মোরসালিন ও তৌহিদুল আলম সবুজকে। ক্লাবের নিষেধাজ্ঞার কারণে মাঝে জাতীয় দলেও তাদের রাখেননি ক্যাবরেরা। তবে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো মাঠে ফিরেছেন জিকো, তপু, মোরসালিরা।  

তাদের মাঠে ফেরায় স্বস্তি মিলেছে বাংলাদেশের কোচেরও। তিনি বলেন, ‘তাদের ফেরাটা দারুণ ব্যাপার। কেননা, অনেক বছর ধরে তারা দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বসুন্ধরা কিংসের ম্যাচে গতকাল (শুক্রবার) খেলতে দেখলাম তপুকে। মাঠে ফেরাটা তার জন্য দারুণ ব্যাপার। সবার জন্য অবশ্যই এটা ভালো খবর।’

এই স্প্যানিশ কোচ আরো বলেন, ‘মোরসালিনের আরো লড়াই করা প্রয়োজন। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলে (বসুন্ধরা কিংস) আছে সে, যেখানে তার পজিশনে উঁচু মানের বিদেশি খেলোয়াড় রয়েছে। সে তরুণ এবং তার বোঝা দরকার যে, দলে জায়গা পেতে হলে তাকে লড়াই করতে হবে এবং কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে হবে’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!