ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

কোন নিয়মে হায়দরাবাদে ১ ঘণ্টা বেশি ব্যাট করেছে ভারত?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫২, ২৯ জানুয়ারি ২০২৪
কোন নিয়মে হায়দরাবাদে ১ ঘণ্টা বেশি ব্যাট করেছে ভারত?
ছবি- সংগৃহীত

হায়দরাবাদে ভারত-ইংল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার কথা ছিল বিকেল সাড়ে ৪টায়। নির্ধারিত সময় পার করে অতিরিক্ত এক ঘণ্টা সময় বেশি ব্যাট করতে দেখা গেছে স্বাগতিকদের। যদিও তাতে সুফল পায়নি রোহিত শর্মার দল, উল্টো হারের তেতো স্বাদ পেয়েছে তারা।

তবে সবকিছু ছাপিয়ে নির্ধারিত দিনের খেলা শেষ হওয়ার সময় পার হওয়ার পরও কেনো এক ঘণ্টা বেশি খেলা চললো সেই প্রশ্ন অনেকেরই। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন এক ঘণ্টা বেশি খেলা চললেও সেটি ঘটেছে নিয়মের মধ্যেই। টেস্ট ক্রিকেটের বিশেষ নিয়মে এক ঘণ্টা বেশি সময় ব্যাট করেছে টিম ইন্ডিয়া। 

টেস্ট ম্যাচের প্রতিটি দিনে ৭ ঘণ্টা করে খেলা হওয়ার নিয়ম রয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কারণে শেষ হওয়ার কথা ছিল সাড়ে ৪টায়। একই সঙ্গে প্রতিদিন ৯০ ওভার খেলা হয়ে থাকে। দুই দিক বিবেচনা করেই খেলা শেষ করার সিদ্ধান্ত দেন আম্পায়াররা।

দায়িত্বরত আম্পায়াররা যদি মনে করেন, কিছুটা সময় বাড়িয়ে খেললে ম্যাচের ফল ঐদিনই চলে আসবে তাহলে তারা সময় বাড়িয়ে দিতে পারবেন। আবার নির্ধারিত সময়ের মধ্যে ৯০ ওভারের খেলা শেষ না হলেও সময় বাড়িয়ে দেওয়ার রীতি আছে। এক্ষেত্রে শেষের রীতিকেই আগে বিবেচনা করা হয়।

এদিন হায়দরাবাদের চতুর্থ দিনের খেলা সাড়ে ৪টায় খেলা শেষ হলে ৯০ ওভারের খেলা শেষ হতো না। মাঠে আলোও ছিল যথেষ্ট। যে কারণে আধ ঘণ্টা সময় বাড়িয়ে দেন আম্পায়াররা। তখন ভারতের আর তিন উইকেট বাকি ছিল। সেই আধ ঘণ্টার মধ্যে আরো দুই উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। 

সফরকারীদের জিততে তখন প্রয়োজন ছিল ১ উইকেট। এমন অবস্থায় পঞ্চম দিনে খেলা না গড়িয়ে চতুর্থ দিনেই খেলা শেষ করে দিতে আম্পায়ারের কাছে অতিরিক্ত আরো আধ ঘণ্টা সময় চান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ইংলিশ অধিনায়কের কথায় সায় দেন আম্পায়ারও। সে হিসেবে আরো আধ ঘণ্টা খেলার অনুমতি পায় দুই দল।

উল্লেখ্য, আম্পায়াররা নির্দিষ্ট সময়ের পর সর্বোচ্চ ১ ঘণ্টা সময় বাড়াতে পারেন। এর বেশি পারবেন না।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!