অবসর ভেঙে ফিরছেন সার্জিও অ্যাগুয়েরো
হৃদপিণ্ডের সমস্যার কারণে ২০২১ সালে প্রতিযোগিতামূলক ফুটবল থেকে অবসর নেন সার্জিও অ্যাগুয়েরো। লম্বা সময় পর আবারো মাঠের ফুটবলে ফিরছেন এই আর্জেন্টাইন তারকা।
আগামী গ্রীষ্ম মৌসুম থেকে দ্য সকার টুর্নামেন্টে (টিএসটি) খেলবেন অ্যাগুয়েরো। এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী ৫ জুন যুক্তরাষ্ট্রের নর্থ-ক্যারোলিনায়। আর ১০ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির।
অ্যাগুয়েরোর মাঠ ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন টিএসটির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন মুগার।
.png)
এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই বছরে মাঠে সার্জিও এবং তার দলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তিনি শুধু সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন নন, সর্বকালের সবচেয়ে কঠিন প্রতিযোগীদের একজন। তিনি মজা করতে এবং প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ক্যারিতে আসছেন, আর টিএসটি বিষয়টি এমনই।’
তবে ক্লাবের হয়ে খেলবেন কি না অ্যাগুয়েরো সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ২০২১ সালে বার্সেলোনায় থাকা অবস্থায় ১৮ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন তিনি। কাতালুনিয়াদের হয়ে অ্যাগুয়েরোর শেষ ম্যাচ ছিল আলভেজের বিপক্ষে। ম্যাচটিতে খেলার মাঠে হঠাৎ বুকে ব্যথা শুরু হওয়ায় তার বদলি খেলোয়াড় নামানো হয়।
পরে জানা যায়, হৃদপিণ্ডের ক্রিয়া সংশ্লিষ্ট রোগ অ্যারিথমিয়াতে আক্রান্ত অ্যাগুয়েরো। এরপর কয়েক মাস তার চিকিৎসা চলে। পরবর্তীতে সুস্থ হলেও খেলার মাঠে ফেরা হয়নি তার।