ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

খেলতে নামলেই যে বিশ্বরেকর্ড করবেন উগান্ডার এ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৫৮, ৭ মে ২০২৪
খেলতে নামলেই যে বিশ্বরেকর্ড করবেন উগান্ডার এ ক্রিকেটার
ফ্র্যাঙ্ক নুবুগা

ক্রিকেট বিশ্বে তেমন পরিচিত নাম নয় উগান্ডা। তবে আগামী টি-২০ বিশ্বকাপের অন্যতম প্রতিযোগী আফ্রিকার এই দেশ। সেই দেশেরই এক ক্রিকেটার মাঠে নামলেই গড়বেন নতুন রেকর্ড।

টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে উগান্ডা। দলে রয়েছেন ৪৩ বছরের অফ স্পিনার ফ্র্যাঙ্ক নুবুগা। বিশ্বকাপে রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তার সামনে। এজন্য অবশ্য বিশেষ কিছুও করতে হবে না তাকে।

কোনো একটি ম্যাচে প্রথম একাদশে থাকলেই হবে। তাহলেই প্রবীণতম ক্রিকেটার হিসেবে টি-২০ বিশ্বকাপে অভিষেকের রেকর্ড গড়বেন নুবুগা। একই সঙ্গে আগামী বিশ্বকাপে তিনিই হতে চলেছেন প্রবীণতম ক্রিকেটার।

Advertisement

আফ্রিকা অঞ্চলের যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় স্থান পেয়ে এই প্রথম টি-২০ বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে উগান্ডা। আগামী ৩ জুন আফগানিস্তানের বিরুদ্ধে গায়ানায় প্রথম ম্যাচ খেলবে দলটি।

গ্রুপ ‘সি’তে উগান্ডার সঙ্গে আফগানিস্তান ছাড়াও রয়েছে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং পাপুয়া নিউ গিনি। গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও বিশ্বকাপে অন্তত চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে উগান্ডা।

উল্লেখ্য, জিম্বাবুয়ে এবং কেনিয়াকে টপকে শেষ দেশ হিসাবে যোগ্যতা অর্জন করেছিল উগান্ডা। এদিকে ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল নুবুগার। ১৯৯৭ সালের আইসিসি ট্রফিতে প্রথম উগান্ডার হয়ে খেলেছিলেন তিনি।

দেশের হয়ে ৫৪টি টি-২০ ম্যাচ খেলে ৫৫টি উইকেট নিয়েছেন এ স্পিনার। ওভার প্রতি খরচ করেছেন ৪.৭৯ রান। আগামী আগস্টে ৪৪ বছর পূর্ণ করবেন নুবুগা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!