ঘরের মাঠে ধবলধোলাই হয়েও জ্যোতির ‘তৃপ্তি’ যেখানে
ভারতের কাছে টি-২০ সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে এমন লজ্জা পেয়েও তৃপ্তির ঢেকুর তুলছেন টাইগ্রেস দলপতি নিগার সুলতানা জ্যোতি।
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের কোনো ম্যাচেই লড়াই জমাতে পারেনি স্বাগতিকরা। এই সিরিজে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। শেষ টি-২০তে অবশ্য সিরিজের সর্বোচ্চ স্কোর ১৩৫ রান করেছে টিম টাইগ্রেস। সেটাও করেছে ৫২ রানে ৫ উইকেট পড়ার পর।
শেষ পর্যন্ত বাংলাদেশ ২১ রানে হেরে গেলে ভারত টি-২০ সিরিজ জিতে নেয় ৫-০ ব্যবধানে। বৃহস্পতিবার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জ্যোতি বলেন, ‘আমরা এই সিরিজে অনেক কঠিন সময় পার করেছি। তবে আজ ব্যাটারদের অ্যাপ্রোচটা ভালো ছিল। ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। ব্যাটিংয়ে আমাদের অ্যাপ্রোচ ও ইনটেন্ট নিয়েই কাজ করতে হবে। যেমন কয়েক জন ব্যাটার উইকেটে সেট হওয়ার পর আউট হয়ে যাচ্ছে।’
.png)
বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেছেন রিতু মনি। ৩৩ বলের ইনিংসে মেরেছেন চারটি বাউন্ডারি। ষষ্ঠ উইকেটে শরিফা খাতুনের সঙ্গে ৪১ বলে ৫৭ রানের জুটি গড়তে অবদান রাখেন রিতু।
রিতুর ব্যাটিংয়ের প্রশংসা করে জ্যোতি বলেন, ‘রিতু আজ দেখাল কীভাবে ব্যাটিং করতে হয়।’
রাবেয়া ও মারুফার প্রশংসা করে জ্যোতি বলেন, ‘রাবেয়া ও নাহিদা দুই বোলার যারা বোলিংয়ে ভালো করেছে। মারুফা টুর্নামেন্টজুড়েই ভালো বোলিং করেছে।’