ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বৈরথ, নজর থাকবে যাদের ওপর

আশরাফুল ইসলাম আকাশ
প্রকাশিত: ১২:২৮, ২০ জুন ২০২৪
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বৈরথ, নজর থাকবে যাদের ওপর
কোলাজ- ডেইলি বাংলাদেশ

নবম টি-২০ বিশ্বকাপের ক’দিন আগেও হয়তো কেউ ভাবেনি, সুপার এইটে খেলবে বাংলাদেশ। তবে সবাইকে চমকে দিয়ে যোগ্য দল হিসেবেই সেরা আটের লড়াইয়ে জায়গা করে নিয়েছে টাইগাররা। গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। ভাগ্য সাহায্য না করায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৪ রানে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এবারের আসরে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ। এই পর্বের গ্রুপ-১ এ খেলবে তারা। আসরের সেমিতে পৌঁছাতে হলে শান্তদের হারাতে হবে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানের মতো দলকে।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। ম্যাচটি হবে ব্রিজটাউনের কিংসটন ওভালে।

Advertisement

গ্রুপ পর্বে দাপুটে ক্রিকেট খেলে চার ম্যাচেই জিতেছে অস্ট্রেলিয়া। এছাড়া অভিজ্ঞতা আর পরিসংখ্যান বিবেচনায়ও টাইগারদের যোজন যোজন এগিয়ে। এখন পর্যন্ত আইসিসির ইভেন্টে অজিদের বিপক্ষে জিততে পারেনি শান্ত-সাকিবরা।

তবে নিজেদের সবশেষ ১০ দেখায় অস্ট্রেলিয়াকে চারবার হারিয়েছে বাংলাদেশ। সেটিও আবার তিন বছর আগে, মিরপুরে। অজিদের বিপক্ষে নামার আগে বাংলাদেশের এতটুকু পরিসংখ্যানই স্বস্তি দিবে।

অজিদের হোমওয়ার্ক-এর বাধ্যতামূলক বিষয় রিশাদ হোসেন। ছবি- সংগৃহীতচলমান বিশ্বকাপে বাংলাদেশের বড় দুশ্চিন্তার কারণ টপ অর্ডার ব্যাটাররা। এখনো পর্যন্ত জ্বলে উঠতে পারেনি কেউই। যদিও নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত ফিফটি করেছিলেন সাকিব আল হাসান। আর সবচেয়ে বেশি ১২৫ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন হৃদয়। মিডল অর্ডারে ভরসার নাম মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশকে অবশ্য সবচেয়ে বেশি স্বস্তিতে রাখছে বোলিং ইউনিট। গ্রুপ পর্বের লো স্কোরিং ম্যাচে বল হাতে আগুন ঝরিয়েছে মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। আর লেগ স্পিনে রীতিমতো ছড়ি ঘোরাচ্ছেন রিশাদ হোসেন। 

অন্যদিকে ভারসাম্য নিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে শক্তি দেখানোর পাশাপাশি বল হাতে দাপট দেখাচ্ছে অজিরা। ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিসরা তো প্রতিপক্ষকে বোলারদের জন্য আতঙ্কের নাম। আর বল হাতে গতির ঝড় তুলছেন মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও প্যাট ক্যামিন্সরা।

সুপার এই বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বৈরথে নজর থাকবে টাইগারদের বোলিং ইউনিটে। আর অজিদের জয়রথ থামাতে হলে টাইগারদের দিতে হবে নিজেদের সেরাটা।

বল হাতে তুরুপের তাস হতে পারেন তানজিম সাকিব। ছবি- সংগৃহীততানজিম হাসান সাকিব

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন তানজিম সাকিব। ইকোনোমিও মাত্র ৪.৮০। নিজের দিনে তানজিম কতটা ভয়ানক হতে পারে ইতোমধ্যে সেটি প্রমাণ দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই তার দিকে আলাদা নজর থাকবে। এমনকি এই পেসারকে নিয়ে হোমওয়ার্কও করবে অজিরা।

মুস্তাফিজুর রহমান

ক্যারিবীয়ান কন্ডিশনে রীতিমতো ছড়ি ঘোরাচ্ছেন মুস্তাফিজ। ডেথ ওভারে তার বোলিং যেন আরো ধারালো হয়ে উঠছে। গ্রুপ পর্বের ম্যাচগুলো তাই বলছে। এখন পর্যন্ত ৪ ম্যাচে মাত্র ৩.৩৭ ইকোনোমিতে ৭ উইকেট শিকার করেছেন তিনি। ফিজের পুরনো রুপে ফেরা অজিদের কপালে দুশ্চিন্তার ছাপ ফেলতে পারে।

রিশাদ হোসেন

চলমান টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের রিশাদ হোসেন আলাদাভাবে নজর কেড়েছেন। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৪.৪ ডিগ্রিতে টার্ন পাচ্ছেন তিনি। আবার প্রয়োজন মতো ব্রেক থ্রুও এনে দিচ্ছেন টাইগারদের নতুন এই আবিস্কার। ৪ ম্যাচে তিনিও পেয়েছেন ৭ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি কতদূর কী করতে পারেন, এখন সেটিই দেখার বিষয়। তবে অজিরা যে তাকে নিয়ে ভাবছে, তা নিশ্চিত।

গুগলিতে প্রতিপক্ষ ব্যাটারদের বোকা বানান অ্যাডাম জাম্পা। ছবি- সংগৃহীতঅ্যাডাম জাম্পা

শেন ওয়ার্নকে অনুসরণ করে ক্যারিয়ার এগিয়ে নিচ্ছেন অ্যাডাম জাম্পা। নিজের দিনে প্রতিপক্ষের জন্য তিনি কতবড় হুমকি, ইতোমধ্যে তা প্রমাণ করেছেন এই লেগি। তার সবচেয়ে বড় অস্ত্র ‘গুগলি’। এই অস্ত্রেই ব্যাটারদের বোকা বানিয়ে সাজঘরের পথ দেখান তিনি।

বিশ্বকাপে ৪ ম্যাচে ৫.৮৭ ইকোনোমিতে ৯৪ রান খরচা করেছেন তিনি। বিনিময়ে ঝুলিতে ভরেছেন ৯ উইকেট। ব্যাট হাতে রান খরায় ভোগা টাইগার ব্যাটারদের জন্যও তিনি হুমকি হবেন।

মার্কাস স্টয়নিস

ব্যাট-বল হাতে উড়ছেন অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। নিজের দিনে একাই ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য রাখেন তিনি। এখন পর্যন্ত ৪ ম্যাচে ব্যাট হাতে ১৯০.২৪ স্ট্রাইক রেটে ১৫৬ রান করেছেন। আর বোলিং ৬ উইকেট নিয়েছেন। 

বাংলাদেশের জন্য বড় মাথাব্যথার কারণ হবেন মার্কাস স্টয়নিস। ছবি- সংগৃহীতসুপার এইটে বাংলাদেশের বিপক্ষে এক্স ফ্যাক্টর হবেন স্টয়নিস।

ট্রাভিস হেড

ওয়ানডে বিশ্বকাপ থেকে উড়ন্ত ফর্মে ট্রাভিস হেড। আইপিএলের পর চলমান টি-২০ বিশ্বকাপেও রান পাচ্ছেন তিনি। ৪ ম্যাচে ১৪৮ করেছেন তিনি। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৫৭.৪৪। বাংলাদেশের বিপক্ষে বড় ইনিংস খেলতে মুখিয়ে আছেন বাঁহাতি এ ওপেনার।

এছাড়াও সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা অফফর্মে থাকা ম্যাক্সওয়েল দলের জয়ে বড় অবদান রাখতে পারেন। তাই তাদের নিয়েও বাড়তি হোম ওয়ার্ক করবে দুদলই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!