কুড়ি ওভারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় পাকিস্তানকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বিশ্বমঞ্চে ব্যর্থ হওয়ায় প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ ও রাজ্জাককে বরখাস্ত করে পিসিবি। তাদের বরখাস্ত করার সপ্তাহ না পেরোনোর আগেই নতুন নির্বাচকদের নাম ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
পিসিবির ঘোষিত নতুন কমিটিতে জায়গা পেয়েছেন সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিক। তাদের সঙ্গে নির্বাচক প্যানেলে থাকছেন পাকিস্তান দলের দুই কোচ জেসন গিলেস্পি ও গ্যারি কারস্টেন।
.png)
এছাড়া পাকিস্তান দলের সাদা পোশাকের অধিনায়ক শান মাসুদ ও সীমিত ওভারের অধিনায়ক বাবর আজমও নির্বাচক প্যানেলে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করবেন বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের আসন্ন টেস্ট সিরিজ দিয়ে নিজেদের আনুষ্ঠানিক কাজ শুরু করবে পিসিবির নতুন নির্বাচক প্যানেল। দল ঘোষণার পরই শুরু হবে পাকিস্তান দলের ক্যাম্প। সেখানে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করবেন কোচরা।
আগের নির্বাচক প্যানেলে থাকা বিলাল আফজালকে পিসিবিতে নতুন দায়িত্ব দেয়া হবে। সেই সঙ্গে ডাটা অ্যানালিস্ট হাসান চিমা এবং ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল ক্রিকেট উসমান ওয়াহলাকেও নির্বাচক কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।