ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টি-২০ ইতিহাসে এক ওভারে ৩৯ রানের বিশ্বরেকর্ড 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১৪, ২০ আগস্ট ২০২৪
টি-২০ ইতিহাসে এক ওভারে ৩৯ রানের বিশ্বরেকর্ড 
দারিয়াস ভিসের

টি-২০ বিশ্বকাপের পূর্ব-এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বে সামোয়া-ভানুয়াতু ম্যাচে দুইটি বিশ্বরেকর্ডের সাক্ষী হয়েছে। এক ওভারে এসেছে সর্বাধিক ৩৯ রান। একইসঙ্গে মোট দলীয় রানে কোনো ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ শতাংশ রান করার রেকর্ডও নতুনভাবে ইতিহাসের পাতায় ঠাই করে নিয়েছে।  

ব্যাটার দারিয়াস ভিসের একাই গড়েছেন সেই দুই রেকর্ড। আগে ব্যাটিংয়ে নামা সামোয়ার ইনিংসের ১৫তম ওভারে তিনি টি-২০ ইতিহাসে রেকর্ড সর্বাধিক ৩৯ রান তোলায় ভূমিকা রাখেন।

নলিন নিপিকোর ওভারের প্রথম তিন বলেই ছক্কা হাঁকান ভিসের। পরেরটি ছিল নো বল। ফ্রি হিটে চতুর্থ বলে ভিসের আবারো ছক্কা মারেন। পঞ্চম বল থেকে কোনো রান আসেনি। তখনো কল্পনাতেও আসেনি এরপর কী ঘটতে চলেছে। শেষ বলটি হাই ফুলটস করে বসেন নিপিকো। লং লেগ দিয়ে ছক্কা মেরে দেন ভিসের। ওভারের বৈধ শেষ বলটি ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকালে অবিশ্বাস্য রেকর্ডটির জন্ম হয়।

Advertisement

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে টি-২০ ফরম্যাটে ৩৬ রানের বেশি কখনো ওঠেনি। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের প্রথম আসরে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের ওভারে ৬টি ছক্কা মারেন যুবরাজ সিং। 

২০২১ সালে আকিলা ধনাঞ্জায়ার বলে ছয় ছক্কা মেরেছিলেন কাইরন পোলার্ড। চলতি বছরের এপ্রিলে কাতারের কামরান খানের ওভারে ৬টি ছক্কা মারেন নেপালের দীপেন্দ্র সিং আইরি। ওই ম্যাচে ৯ বলে অর্ধশতক হাঁকিয়ে করে যুবরাজের ১২ বলে ফিফটির রেকর্ডও ভেঙেছিলেন আইরি। এ বছরের জানুয়ারিতে আফগানিস্তানের করিম জানাতের ওভারে রোহিত শার্মা ও রিঙ্কু সিং মিলে তুলেছিলেন ৩৬ রান। 

সবশেষ টি-২০ বিশ্বকাপে আফগান পেসার আজমতউল্লাহ উমরজাইয়ের ওভারে ৩ চার ও ২ ছক্কাসহ ৩৬ রান নেন নিকোলাস পুরান। ঐ ওভারে ছিল দুইটি নো বল, লেগ বাই থেকে এসেছিল চার রান।

দারিয়াস ভিসের ৬২ বলে ৫ চার ও ১৪ ছক্কায় ১৩২ রানের টর্নেডো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। সামোয়া ২০ ওভারে ১৭২ রানে অলআউট হয়। দলীয় ইনিংসের ৭৫.৮৬ শতাংশ রান একাই করে আরেকটি বিশ্বরেকর্ডের সঙ্গে নিজের নাম লেখান ভিসের। তার আগে ২০১৮ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রানের ইনিংস খেলার পথে দলীয় স্কোরের ৭৫.১০ শতাংশ রান করে রেকর্ডটি এতদিন নিজের দখলে রেখেছিলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ।

২৮ বর্ষী রেকর্ডবয় ভিসের পরে বল হাতেও নেন একটি উইকেট। ভানাউতুর ইনিংস ৯ উইকেটে ১৬৪ রানে থামলে ১০ রানে জিতে যায় সামোয়া। পূর্ব-এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বে ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট সামোয়া পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!