ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপের প্রস্তুতি নিতে শ্রীলঙ্কা সফরে যাবে ‘এ’ দল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৬, ২২ আগস্ট ২০২৪
বিশ্বকাপের প্রস্তুতি নিতে শ্রীলঙ্কা সফরে যাবে ‘এ’ দল
ক্রিকেটারদের সঙ্গে আলাপকালে বিসিবির নারী বিভাগের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার সুমন

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ থেকে টি-২০ নারী বিশ্বকাপ আয়োজন থেকে সরে গেছে আইসিসি। ঘরের বিশ্বআসরে অংশগ্রহণের সুযোগ হাতছাড়া হওয়ায় টাইগ্রেসরা হতাশ। যদিও থেমে নেই প্রস্তুতি। টুর্নামেন্টকে সামনে রেখে ক্রিকেটারদের প্রস্তুতির কথা মাথায় রেখে আয়োজিত হবে জাতীয় ক্রিকেট লিগ। এরপর শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ নারী ‘এ’ দল।

মিরপুরে বৃহস্পতিবার গণমাধ্যমকে এ বিষয়টি জানান, বিসিবির নারী বিভাগের হেড অব অপারেশনস হাবিবুল বাশার সুমন। শ্রীলংকা সফরে  ‘এ’ দল দুটি ওয়ানডে এবং পাঁচ ম্যাচ টি-২০ সিরিজ খেলবে।

এর আগে ক্রিকেটারদের প্রস্তুতির কথা মাথায় রেখে আয়োজিত হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। ২০ ওভারের ফরম্যাটে হতে চলা লিগের সূচি প্রকাশ করেছে। আট বিভাগীয় দলের অংশগ্রহণে ১৩তম নারী এনসিএল ২৪ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।  

Advertisement

বাশার বলেন, ‘প্রস্তুতির ক্ষতি খুব একটা হচ্ছে না। আমরা বিশ্বকাপকে ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম। মেয়েদের ওয়ান টু ওয়ান অনুশীলনের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আমাদের স্থানীয় কোচরা ছিলেন। কোচিং স্টাফ চলে এসেছে। এনসিএলটা আমাদের প্রস্তুতির অংশ। তারপর আমরা শ্রীলঙ্কাতে ‘এ’ দল পাঠাব। সেটাও আমাদের প্রস্তুতির অংশ।’

‘সবারই ইচ্ছা থাকে ঘরের মাঠে বিশ্বকাপ খেলা। মেয়েদের অনেকেরই সেই স্বপ্ন ছিল। এজন্য ওরা একটু হতাশ। আমরা অবশ্যই ঘরের মাঠের কন্ডিশন মিস করব। যাদের নিয়ে বিশ্বকাপের পরিকল্পনা করবো, তাদের নিয়েই ‘এ’ দলটা সাজাব।’

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম ও বাংলা ট্র্যাক একাডেমি মাঠে হতে যাচ্ছে এবারের এনসিএল। ভালো এবং স্পোর্টিং উইকেটে বিশ্বকাপের আগে ক্রিকেটাররা যেন খেলতে পারে, সেজন্য ভেন্যু হিসেবে রাজশাহীকে বেছে নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে বাশারের মন্তব্য, ‘রাজশাহীতে উইকেট ভালো। মেয়েরা যেন ভালো উইকেটে খেলতে পারে, স্পোর্টিং উইকেটে খেলতে পারে, আমরা এটাই চাই। আর এ সময়টা যেহেতু বৃষ্টির সময়, রাজশাহীর দিকে বৃষ্টিটা একটু কম হয়। দুটি মাঠ পাওয়া যায়। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টুর্নামেন্টটা শেষ করতে হবে। এটা যেহেতু আমাদের বিশ্বকাপ প্রস্ততির অংশ, এজন্যই রাজশাহীতে খেলা দেওয়া হয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!