ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

ভারতের চমক: নতুন অধিনায়কের নাম ঘোষণা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:০৯, ৭ অক্টোবর ২০২৬
ভারতের চমক: নতুন অধিনায়কের নাম ঘোষণা
ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট মহিলা দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা। তবে বিসিসিআই চমকটা দিয়েছে হারমানপ্রীতের পদত্যাগের দিনেই তার উত্তরসূরি হিসেবে স্মৃতির নাম ঘোষণা করে। এতদিন সহ-অধিনায়কের দায়িত্ব সামলেছেন টিম ইন্ডিয়ার এই বাঁহাতি ওপেনার। এবার তার কাঁধেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ভার।

আজ মঙ্গলবার সকালেই হারমানপ্রীত ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন। তার নেতৃত্বে ইতিহাস গড়েছে ভারতের নারী দল। প্রথমবার বিশ্বকাপ এসেছে তারই অধিনায়কত্বে। মাত্র কয়েক দিন আগে তার নেতৃত্বাধীন ভারতীয় দল এশিয়ান গেমসে সোনা জিতেছে। তবে সূত্র বলছে, বিসিসিআইয়ের সঙ্গে মতানৈক্যের জেরে তিনি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করে হারমানপ্রীত লিখেছেন, ‘ভারতীয় মহিলা দলের অধিনায়কের দায়িত্ব ছাড়লাম আজ থেকে। সিদ্ধান্তটা মোটেই সহজ ছিল না। বহু বছরের স্মৃতি, আবেগ, আত্মত্যাগ জড়িয়ে রয়েছে। এই দল এবং ভারতের মহিলা ক্রিকেটের জন্য আমি সর্বস্ব দিয়েছি। নিজের খেলার সঙ্গেও আপস করেছি অধিনায়ক হিসেবে। মনে করেছি, সবার আগে দল। তাই নিজের চাওয়া-পাওয়াকে অগ্রাহ্য করেছি।’

বোর্ড সূত্র বলছে, হারমানকে টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে রাখলেও টি-২০ থেকে তাকে সরাতে চেয়েছিল বোর্ড। সেই প্রস্তাব যেতেই ক্ষুব্ধ ভারত অধিনায়ক একসঙ্গে ৩ ফরম্যাটের অধিনায়কত্বই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ১২ ঘণ্টা পার হওয়ার আগেই নতুন অধিনায়ক হিসাবে স্মৃতি মান্ধানার নাম ঘোষণা করে দিল বোর্ড। অবশ্য হারমানের পর স্মৃতিই যে অধিনায়ক হবেন, সেটা প্রত্যাশিতই ছিল। বর্তমান ভারতীয় দলে অভিজ্ঞতার নিরিখে একেবারে প্রথম সারিতে। তাছাড়া ব্যাটার ও ওপেনার হিসাবে তিনি যথেষ্ট নির্ভরযোগ্য।

স্মৃতি মান্ধানা অধিনায়ক হিসেবেও একেবারে অনভিজ্ঞ নন। আপাতত তিনি মহিলাদের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। তাছাড়া আগে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ভারতীয় দলের দায়িত্বও সামলেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!