আমার দুই হাত হঠাৎ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলো। আমি একটি বই পড়ছিলাম। সেটিকে তারা দূরে ছুড়ে দিলো। এমনভাবে যাতে আমি সেটির নাগাল না পাই। অতঃপর তারা দুজনেই আমাকে স্যালুট দিলো এবং যুদ্ধের রেফারি হিসেবে আমাকে নিয়োগ দিলো। প্রথমেই নিজের আঙুলগুলোকে তারা অন্যের আঙুলগুলোর সাথে লক (তালাবন্ধ) করল। দুজনেই টেবিলের শেষপ্রান্তে ছুটে গেল। একবার ডানে, একবার বামে। এভাবেই তারা পরস্পরের ওপরে চাপ সৃষ্টি করতে লাগল।
মুহূর্তের জন্যেও আমি তাদের ওপর থেকে দৃষ্টি সরাচ্ছিলাম না। কারণ, দুটোই যেহেতু আমার নিজের হাত, সেহেতু নিরপেক্ষভাবে এই যুদ্ধে আমার রেফারি করা উচিৎ। নতুবা ভুল সিদ্ধান্ত দেওয়ার জন্যে পরবর্তীতে আমাকে অনুতাপ করতে হতে পারে। কিন্তু আমার কাজটা মোটেই সহজ নয়। অন্ধকারের ভেতরে দুই হাত তাদের তালু দিয়ে বিভিন্ন রকমের খেলা খেলে চলছে। এই চলাচলগুলোর কোনোটাই আমার চোখের নাগালের বাইরে থাকা চলবে না। সুতরাং আমার চিবুককে আমি টেবিলের ওপরে চেপে ধরলাম। নিবিড়ভাবে সবকিছু খেয়াল করার জন্যে। যাতে কোনো চলাচলই আমার চোখকে ফাঁকি দিতে না পারে।
.png)
সারাজীবন আমি ডানকে পছন্দ করেছি। কিন্তু বামের যাতে ক্ষতি না হয়, সেটাও খেয়াল রেখেছি। আবার বাম আমাকে প্রশ্রয়সূচক কিছু বললেও তাকে পাত্তা দেইনি। ফলে কখনোই তারা আমার কাছে একে অপরের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। বরং রাস্তায় হেঁটে যাওয়ার সময়ে ডান যখন আমার হ্যাট তুলে ধরেছে, বাম তখন নরমভাবে আমার উরুতে হাত রেখেছে।
কিন্তু এই চলমান যুদ্ধের জন্যে তাদের প্রস্তুতি ছিল না বললেই চলে। কাজেই আমি বুঝতে পারছি না শেষ পর্যন্ত বাম কব্জি কীভাবে তার চেয়ে শক্তিশালী ডানের চাপ সহ্য করবে? কীভাবে সে তার মেয়েলী আঙুলগুলোকে ডানের বজ্রমুষ্টি হতে রক্ষা করবে?
মনে হলো যে, এটা আসলে কোনো যুদ্ধ হচ্ছে না। এই যুদ্ধের অনিবার্য পরিণাম বামের ধ্বংস। দেখতে পেলাম ডান বামকে টেবিলের চূড়ান্ত সীমায় ঠেলে দিয়েছে এবং তার ওপরে অবিরত আঘাত করে চলেছে। ওপরে-নীচে। ইঞ্জিনের পিস্টনের মতো। এই বিপদজনক পরিস্থিতিতে আমার নিজের বিন্দুমাত্র কোনো ধারনা নেই, কীভাবে আমি বামকে রক্ষা করতে পারি। কারণ, তারা দুজনেই আমার হাত।