ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বইমেলা ]

শিশু-কিশোরদের পদচারণায় মুখর বইমেলা

আরিফ জাওয়াদ, ঢাবি
প্রকাশিত: ১৫:৫২, ৯ ফেব্রুয়ারি ২০২৪
শিশু-কিশোরদের পদচারণায় মুখর বইমেলা
শিশুপ্রহরে পরিবারের বড়দের সঙ্গে বই দেখছে শিশুরা

ছুটির দিনে শিশু-কিশোরদের পদচারণায় মুখর হয়ে উঠেছে অমর একুশে বইমেলা। পরিবারের ছোট সদস্যটি বড়দের হাত ধরে মেলা এসেছে। তাদের ইচ্ছা- মেলায় বই কেনা এবং সিসিমপুরের বন্ধুদের এক পলক দেখা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) শিশুপ্রহরের মধ্য দিয়ে দুয়ার খোলার পরই শিশু-কিশোরদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। মিনিট ৩০ যেতে না যেতেই সিসিমপুরের শো শুরু হয়। মেলায় আগত ক্ষুদে পাঠক-দর্শনার্থীদের যেন বাড়তি পাওনা।

শো শেষে মিরপুর এলাকার পঞ্চম শ্রেণি পড়ুয়া মালিহার সঙ্গে কথা হয়। মালিহা ডেইলি বাংলাদেশকে বলে, আমি বাবার সঙ্গে মেলা এসেছি। সিসিমপুরের বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, ভীষণ ভালো লেগেছে। আমি কিছু ভূতের গল্পের বই ও কিছু স্টিকার কিনব।

Advertisement

মনিপুর স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মালিহা কিনেছে সিসিমপুরের বই। বই কিনে বেশ উচ্ছ্বসিত সে। মালিহা বলে, গত শনিবার বাবার সঙ্গে মেলায় এসেছিলাম। কিন্তু তখন বই কেনা হয়নি। আজ আমি বড় ভাইয়ের সঙ্গে এসেছি। ভাইয়া আমাকে সিসিমপুরের বই গিফট করেছে, বই উপহার পেয়ে আমি অনেক খুশি।

দুই সন্তানকে নিয়ে মেলায় এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কবিরুল ইসলাম। ডেইলি বাংলাদেশকে তিনি বলেন, শিশু-কিশোররা মেলার সৌন্দর্য। বইমেলা তাদের ডিভাইসমুখী থেকে দূরে বইমুখী করতে পারে। আমি সবসময়ই চেষ্টা করি বিশেষত ছুটির দিনগুলোতে একটু বইয়ের সঙ্গে যুক্ত রাখার। মাঝে-মধ্যেই সপ্তাহে বাচ্চাদের নিয়ে পাঠক সমাবেশ, বাতিঘর, বেঙ্গল বুকসের মগে জায়গাগুলো নিয়ে যাই যেন বইয়ের সঙ্গে তাদের সম্পর্ক বাড়ে।

তিনি আরো বলেন, আজকেসহ বাচ্চাদের তিনদিন মেলায় এসিছি। আগামীকাল ব্যস্ত না থাকলে আবার আসব। ঘুরতে আসার ছলে এসে যদি তারা বই কেনে, সেটাও মন্দ হয় না।

এদিকে ক্ষুদে পাঠক-দর্শনার্থীতে উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিও বেড়েছে। প্রকাশক ও বিক্রয়কর্মীর সঙ্গে কথা হলে তারা জানান, গত সপ্তাহের চেয়ে আজ উপস্থিতি তুলনামূলক ভালো। যার ফলে বিক্রিও ভালো হচ্ছে, সেই সঙ্গে ক্ষুদে বই প্রেমীরা বেশ সাড়াও দিচ্ছে।

ময়ূরপঙ্ক্ষি স্টলে প্রকাশনাটির প্রকাশক মিথি ওসমান বলেন, আজ শিশুদের উপস্থিতি খুব ভালো। সবাই বই দেখছে, কিনছে। আমাদের স্টলে বেশি বিক্রি হচ্ছে কার্টুনের বই।

উল্লেখ্য, অমর একুশে বইমেলায় সপ্তাহে দুইদিন শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়কে শিশুপ্রহর ঘোষণা করেছে বাংলা একাডেমি। এছাড়া মাসব্যাপী বইমেলায় প্রতি শুক্র ও শনিবার বেলা সাড়ে ১১টা, বিকেল সাড়ে ৩টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় তিনটি করে শো করবে সিসিমপুর।

ডেইলি-বাংলাদেশ/আরআই/এএইচএস
ট্যাগ: বইমেলা
লিংক সফলভাবে কপি হয়েছে!