গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ‘পিচ্চি জয়’ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য আব্দুর রহিম (১৮)। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক (১৭)।
বিকালে র্যাব-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ।
.png)
তিনি বলেন, বর্তমান সময়ে কিশোর গ্যাং, গ্যাং কালচার, উঠতি বয়সী ছেলেদের মাঝে ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে এক গ্রুপের সঙ্গে অন্য গ্রুপের মারামারি করা আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। তারা নিজেদের অস্তিত্ব জাহির করার জন্য উচ্চ শব্দে গান বাজিয়ে দল বেধে ঘুরে বেড়ায়, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়, পথচারীদের উত্যক্ত করে এবং ছোটখাটো বিষয় নিয়ে সাধারণ মানুষের ওপর চড়াও হয়ে হাতাহাতি-মারামারি করে।
তিনি জানান, র্যাব-১ এর গোয়েন্দা অনুসন্ধানে বনানী থানার বেলতলা আদর্শ নগর এলাকা, টিঅ্যান্ডটি কলোনি ও কড়াইল বস্তি এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রম সংক্রান্ত তথ্য পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দলটি সকালে সেখানে অভিযান পরিচালনা করে তিন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা কিশোর গ্যাং ‘পিচ্চি জয়’ গ্রুপের সদস্য। ‘পিচ্চি জয়’ গ্রুপের প্রধান বনানী থানাধীন কড়াইল বস্তির মো. জয়। কিছুদিন আগে টিঅ্যান্ডটি কলোনির কিশোর গ্যাং জুয়েল গ্রুপের সঙ্গে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কড়াইল বস্তির কিশোর গ্যাং পিচ্চি জয় গ্রুপের মারামারি হয়। এতে পলাতক আসামি রতনসহ ‘পিচ্চি জয়’ গ্রুপের কয়েকজন সদস্য আহত হয়। এ ঘটনার প্রতিশোধ নেয়ার জন্য ও এলাকার আধিপত্য বিস্তার এবং নিজেদের অবস্থান জানান দিতেই ‘পিচ্চি জয়’ গ্রুপের ৭-৮ জন সদস্য বেলতলা আদর্শ নগর এলাকায় জড়ো হয়।