ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বাড্ডায় বাসচাপায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৫, ৯ অক্টোবর ২০২৪
বাড্ডায় বাসচাপায় নারী নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডার প্রগতি সরণিতে আকাশ পরিবহনের একটি বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম আইরিন (২৪)। তিনি নেক্সট ভেনচার নামে একটি আর্থিক তথ্যপ্রযুক্তি কোম্পানির কর্মী। এ ঘটনায় ঐ বাসটিকে জব্দ করেছে পুলিশ।

বুধবার সকালে ঐ সড়কের ফুজি ট্রেড সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই নেক্সট ভেনচারের কর্মীরা ঘটনাস্থলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রগতি সরণি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জিয়া উদ্দিন আহম্মেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

এ বিষয়ে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস বলেন, ‘সকাল আনুমানিক নয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর আমরা বাসটিকে জব্দ করেছি। তবে ঘটনাস্থলে চালক ও হেলপারকে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’

তিনি বলেন, দুর্ঘটনার পর নেক্সট ভেনচার কোম্পানির কর্মীরা রাস্তা অবরোধ করেন। তাদের অনেকেই রাস্তা ছেড়ে এখন চলে গিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!