‘ভারতীয় আগ্রাসনের শিকার বাংলাদেশ’
ভারতীয় আগ্রাসন মোকাবেলায় আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে সংগঠনটির আয়োজনে এ সেমিনার হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শায়েখ মুফতি মামুনুর রশিদ সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখুল হাদীস আল্লামা আব্দুর রব ইউসুফী।
.png)
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ আজ নানামুখী ভারতীয় আগ্রাসনের শিকার। ক্ষমতাসীনদের নতজানু পররাষ্ট্রনীতি এবং ক্ষমতা টিকিয়ে রাখতে অতিমাত্রায় ভারতপ্রীতির কারণে স্বাধীনতার অর্ধশত বছর পরেও দেশবাসী স্বাধীনতার সংকটে ভুগছে।
বক্তারা আরো বলেন, ভারতের টিভি চ্যানেল বাংলাদেশে দেখা গেলেও সেখানে বাংলাদেশের চ্যানেল দেখা যায় না। দেশ, ইসলাম ও মানবতা আজ চরম হুমকির মুখে। দেশ অত্যন্ত কঠিন সময় পার করছে। ভারত আমাদেরকে সবদিক থেকে গ্রাস করে ফেলতে চায়। এ মুহূর্তে দেশ, ইসলাম ও মানবতা রক্ষায় জাতীয় ঐক্যর প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফতে মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আহমেদ আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন এজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহ-মহাসচিব মুফতি ফখরুল ইসলাম প্রমুখ।