আশুলিয়ায় সৌদি প্রবাসীকে গলা কেটে হত্যা
ঢাকার আশুলিয়ায় সেন্টু সরকার নামে এক সৌদি প্রবাসীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউপির কণ্ডা মধুপুরের খন্দকারপাড়া এলাকার নিজ নির্মাণাধীন বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সেন্টু সরকার ধামরাইয়ের তেরধারা গ্রামের নারায়ন সরকারের ছেলে। তিনি গত ৮ মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন।
.png)
পুলিশ জানায়, গত ২০ আগস্ট ধামরাই থেকে তার নতুন একটি বাড়ির কাজ দেখাশোনার জন্য ওই এলাকায় আসেন। গত ২৩ আগস্ট তার মায়ের সঙ্গে শেষ কথা হয়। খোঁজ না পেয়ে মধুপুরের খন্দকারপাড়া এলাকার নতুন বাড়িতে আসেন তার ভাই। ঘর বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় ভেতরে মাছি ও দুর্গন্ধ পান। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের পা একটি কালো কাপড় দিয়ে ও জানালার সঙ্গে গামছা দিয়ে হাত বাঁধা ছিল। নিহতের গলায় ও দেহের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে দুই দিন আগে কেউ তাকে হাত পা বেঁধে ধারালো ছুরি দিয়ে হত্যা করেছে। হত্যায় ব্যবহৃত একটি ছুরি, বটি ও চাকু উদ্ধার করা হয়েছে।
আশুলিয়া থানার এসআই আল মামুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।