ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্রসফায়ারের নামে দুই ভাইকে হত্যা: প্রদীপের বিরুদ্ধে আরো একটি মামলা

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০০, ২ সেপ্টেম্বর ২০২০
ক্রসফায়ারের নামে দুই ভাইকে হত্যা: প্রদীপের বিরুদ্ধে আরো একটি মামলা
প্রদীপ কুমার দাশ

চাঁদা না পেয়ে ক্রসফায়ারের নামে দুই ভাইকে হত্যার অভিযোগে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় প্রদীপ ছাড়া আরো চারজনকে আসামি করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে আনোয়ারা সার্কেলের এডিশনাল এসপিকে ২০ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেয় আদালত।

বুধবার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর আদালতে মামলা করেন নিহতদের বোন জিনাত সুলতানা শাহীন। মামলার অন্য আসামিরা হলেন- টেকনাফ থানার এসআই ইফতেখারুল ইসলাম, কনস্টেবল মাজহারুল, দ্বীন ইসলাম ও আমজাদ।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, দুই ভাইকে তুলে নিয়ে চাঁদা দাবি ও ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে প্রদীপ কুমার দাশসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন নিহতদের বোন।

Advertisement

মামলার এজহারে বলা হয়েছে, গত ১৬ জুলাই চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা দুই ভাই ফারুক ও আজাদকে ধরে নিয়ে যান টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও অন্যান্য পুলিশ সদস্যরা। এরপর তাদের পরিবারের কাছ থেকে আট লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেয়ায় ক্রসফায়ারের নামে তাদের হত্যা করা হয়। এ ঘটনায় চন্দনাইশ থানা পুলিশের সংশ্লিষ্টতা রয়েছে বলেও মামলার এজহারে উল্লেখ করা হয়।

এ নিয়ে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে সাতটি হত্যা মামলা হয়েছে। ৬ মে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে রাতে টেকনাফের রঙ্গিখালীর বাসিন্দা সৈয়দ আলম, তার ভাই নুরুল আলম ও নিকটাত্মীয় সৈয়দ হোসেন ওরফে আব্দুল মোনাফকে ধরে নিয়ে হত্যা করেন যায় পুলিশ। পরে প্রদীপ কুমার দাশ। এ ঘটনায় ৩১ আগস্ট মামলা করেন নিহত সৈয়দ আলমের স্ত্রী সুলতানা রাবিয়া মুন্নী।

এর আগে, বৃহস্পতিবার প্রদীপ কুমার দাশসহ ১২ জনের বিরুদ্ধে স্বামী আব্দুল জলিলকে হত্যা মামলা করেন সানোয়ারা বেগম নামে এক নারী। এছাড়া ঘুষ দেয়ার পরও একজনকে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে প্রদীপ কুমার দাশসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দাবি করা চাঁদা না দেয়ায় মাহমুদুর রহমান নামে এক প্রবাসীকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে আরো একটি মামলায় ২৩ জনসহ আসামি হন প্রদীপ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!