ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিতু হত্যা: ৫ দিনের রিমান্ডে বাবুল আক্তার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ১২ মে ২০২১
মিতু হত্যা: ৫ দিনের রিমান্ডে বাবুল আক্তার
বাবুল আক্তার। ছবি: ডেইলি বাংলাদেশ

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের পাঁচদিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম সরওয়ার জাহানের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের সিনিয়র এসি (প্রসিকিউশন) কাজী সাহাব উদ্দীন আহমেদ।

তিনি জানান, মিতু হত্যাকাণ্ডে তার বাবার করা মামলায় বাবুল আক্তারের সাতদিনের রিমান্ডের আবেদন জানায় পিবিআই। শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

Advertisement

এর আগে, একইদিন দুপুরে বাবুল আক্তারসহ মোট আটজনের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন।

মামলার অন্য আসামিরা হলেন- কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা, এহতেসামুল হক ভোলা, মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, খায়রুল ইসলাম, সাইফুল ইসলম সিকদার ও শাহজাহান মিয়া। 

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত করছিল নগর ডিবি পুলিশ। পরে গত বছরের জানুয়ারিতে ‘আদালতের নির্দেশে’ মামলার তদন্তভার পায় পিবিআই। এরপর নতুন মোড় নেয় মামলাটি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!