শ্বশুর বাড়িতে গৃহবধূকে পিটিয়ে হত্যা
কক্সবাজারের টেকনাফ সদরে শ্বশুর বাড়ির লোকজন গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে মহেশখালীয়া পাড়ার মোহাম্মদ আজিজের বাড়ি থেকে স্ত্রী রোকেয়া বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিবারের দাবি, মোহাম্মদ আজিজ টেকনাফ থেকে রোহিঙ্গা বশোংদ্ভুত এক নারীকে বিয়ে করেন। বিয়ের পর সংসারে মিল না হওয়ায় তাকে তাড়িয়ে দিয়ে রোকেয়াকে বিয়ে করেন। তাদের সংসারে ৬ বছরের মোহাম্মদ হোছাইন নামে এক সন্তান রয়েছে। আজিজের মা-বাবা রোকেয়াকে পছন্দ করতেন না।
এছাড়া সংসারের অন্যান্য বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই ছিল। ৩ মাস আগে রোকেয়াকে মেরে রক্তাক্ত করে বাবার বাড়ি পাঠিয়ে দেয় তার শ্বশুর বাড়ির লোকজন। তা নিয়ে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করা হলে স্থানীয় ৩-৪ জন লোক এসে সমঝোতার মাধ্যমে রোকেয়াকে স্বামীর ঘরে নিয়ে যায়। হঠাৎ সকাল ১১টার দিকে ওই এলাকার এক নারীর মাধ্যমে রোকেয়াকে মেরে ফেলে রাখার খবর পেয়ে হ্নীলা ইউপি চেয়ারম্যানের সহায়তায় পুলিশের মাধ্যমে লাশ উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) খোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।