ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেম থেকে শারীরিক সম্পর্ক, বিয়ের চাপ দিতেই হত্যার পর লাশ গুম

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০২, ১৬ ডিসেম্বর ২০২১
প্রেম থেকে শারীরিক সম্পর্ক, বিয়ের চাপ দিতেই হত্যার পর লাশ গুম
গ্রেফতারকৃত প্রেমিক রিপন মল্লিক

গার্মেন্টসে কাজের সুবাদে প্রেম হয় রিপন-সুফিয়ার। যা পরে রূপ নেয় শারীরিক সম্পর্কে। এক পর্যায়ে বিয়ের জন্য চাপ দিতেই পথের কাঁটা দূর করার সিদ্ধান্ত নেয় রিপন। পরিকল্পনা মাফিক সুফিয়াকে হত্যার পর লাশ গুম করে সে।

গাজীপুর থেকে ফরিদপুরের মাচ্চর ইউনিয়নের খলিলপুরে নিয়ে হত্যা করা হয় ময়মনসিংহের মেয়ে সুফিয়াকে। গত ১২ ডিসেম্বর সকালে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ অজ্ঞাত হিসেবে তার লাশ উদ্ধার করে।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল জলিল।

তিনি জানান, এ হত্যাকাণ্ডের একমাত্র আসামি রিপন মল্লিককে গাজীপুর থেকেই গ্রেফতার করা হয়েছে। রিপনের বাড়ি মাচ্চর ইউনিয়নের শিবরামপুরের ছোট বটতলায়। তার বাবার নাম আলমগীর হোসেন।

ওসি জানান, লাশ উদ্ধারের পর আঙুলের ছাপের মাধ্যমে নিহত সুফিয়ার পরিচয় শনাক্ত হয়। পরদিন নিহতের ভাই কোতোয়ালি থানায় হত্যা মামলা করলে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনা সম্পর্কে প্রাথমিক ধারণা পায়। এরপর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার সহযোগিতায় রিপনকে গ্রেফতার করা হয়। পরে রিপনের দেখিয়ে দেওয়া স্থান থেকে সুফিয়ার ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, মামলা হওয়ার মাত্র তিনদিনের মধ্যেই সূত্রবিহীন এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। অপরাধীদের জন্য এটা একটা সতর্ক বার্তা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!