ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল চালিয়ে দেখার কথা বলে পালিয়ে যেতেন তারা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ২৭ ডিসেম্বর ২০২১
মোটরসাইকেল চালিয়ে দেখার কথা বলে পালিয়ে যেতেন তারা
মোটরসাইকেল ছিনতাই চক্রের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ (ছবি: সংগৃহীত)

ফেসবুকে ভুয়া আইডি খুলে ক্রেতা সেজে মোটরসাইকেল চালিয়ে দেখার কথা বলে ছিনতাই করতেন তারা। এ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার চট্টগ্রামের মিরসরাই থেকে দুজনকে গ্রেফতার করে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ। তারা হলেন- মেহেরাজ হোসেন চৌধুরী ও শাহরিয়ার হোসেন। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা একটি মোটরসাইকেল উদ্ধার হয়। 

পুলিশ জানায়, আসামিরা ভুয়া ফেসবুক আইডি খোলেন। আইডিতে সব ভুল তথ্য দেওয়া থাকে। প্রোফাইলে সুন্দর কোনো ছবি দেওয়া হয়। ফেসবুকে বিভিন্ন সেলস রিলেটেড সাইডে গিয়ে মূল্যবান জিনিস কেনার আগ্রহ প্রকাশ করেন আসামিরা। বিক্রেতার সঙ্গে মেসেঞ্জারে এক সপ্তাহ ধরে চ্যাট করেন। গাড়ির ছবি ও বিভিন্ন তথ্য আদানপ্রদান করেন তারা। একপর্যায়ে নিজেকে এমনভাবে উপস্থাপন করেন বিক্রেতা যাতে তার সব কথাই বিশ্বাস করেন। নিজেকে সচ্ছল পরিবারের সন্তান পরিচয় দেন তারা। 

Advertisement

বিক্রেতার ঠিকানা জেনে নেয়ার পর ঐ ঠিকানার থেকে দূরে কোনো কোলাহলপূর্ণ জায়গা নির্বাচন করেন তারা। মোটরসাইকেল বা অন্য জিনিস কেনার দিন আসামিরা নিজেকে বেশি ব্যস্ত দেখিয়ে বা চট্টগ্রামের বাইরে আছেন বলে অন্য একজনকে পাঠানোর কথা বলে নিজেই চলে আসেন। এরপর মোটরসাইকেল চালিয়ে দেখার কথা বলে দ্রুত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান তারা। পরবর্তীতে ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভেট করে দেন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ১৩ ডিসেম্বর বায়েজিদ বোস্তামী থানার বালুচরা বাজারে জামান হোটেলের পাশে একজন আসেন তার ব্যবহৃত মোটরসাইকেল বিক্রি করতে। মোটরসাইকেলটি বিক্রয়ের উদ্দেশ্যে কিছুদিন আগে ওয়েবসাইট সেলবাজার ডটকমে পোস্ট করেন। গ্রেফতার আসামিরা মোটরসাইকেলটি কেনার জন্য বালুছড়ায় আসেন। গাড়িটি চালানোর কথা বলে দ্রুত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন ভুক্তভোগী। পরে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই করা মোটরসাইকেল উদ্ধার করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!