একই ইউনিয়নের প্রার্থী মা-ছেলে, দুজনই পেলেন জয়
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মাদারীপুরের শিবচরে পদ্মাপাড়ের একই ইউনিয়নে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন মা ও ছেলে। জয় পেয়েছেন দুজনই। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ৫ জানুয়ারির নির্বাচনে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন মা লুৎফুন্নেছা বেগম। আর ২নং ওয়ার্ডের সাধারণ মেম্বার পদে নির্বাচন করেন তার ছেলে মো. চুন্নু মিয়া। লুৎফুন্নেছা মাইক প্রতীক ও চুন্নু মিয়া মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. মাকসুদুর রহমান জানান, ২নং ওয়ার্ডে সাধারণ মেম্বার পদে ৬৫৩ ভোট কাস্ট হয়। এর মধ্যে ৪৪টি ভোট বাতিল করে নির্বাচন কমিশন। বাকি ভোটের মধ্যে মো. চুন্নু মিয়া ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী জিয়াউর ফুটবল প্রতীকে পেয়েছেন ৬৭ ভোট।
তিনি আরো জানান, ১, ২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে মেম্বার পদে ৪ হাজার ৩৪৪ ভোট কাস্ট হয়। এর মধ্যে ৪৪৪ ভোট বাতিল করে নির্বাচন কমিশন। বাকি ভোটের মধ্যে ২ হাজার ২৪৭ ভোট পেয়ে লুৎফুন্নেছা বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী তাছলিমা আক্তার সূর্য্যমুখী ফুল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৫৩ ভোট।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা মাকসুদুর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যক ভোটারের অংশগ্রহণে শিবচরের দুই ইউনিয়নে নির্বাচন হয়েছে। এ নির্বাচন একটি মডেল নির্বাচন। বিজয়ী মা ও ছেলেসহ সব প্রার্থীদের অভিবাদন।