নাটোর-রাজশাহীতে পল্লী বিদ্যুতের ৬৮৮৯ কিলোমিটার লাইন নির্মাণ সম্পন্ন
প্রতিষ্ঠার পর থেকে নাটোর ও রাজশাহী জেলার ছয়টি উপজেলায় ছয় হাজার ৮৮৯ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ সম্পন্ন করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১।
শনিবার দুপুরে সমিতির সদর দফতর প্রাঙ্গণে অনুষ্ঠিত ৩৮তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়।
সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন।
.png)
তিনি জানান, নাটোর সদর উপজেলা, নলডাঙ্গা, বাগাতিপাড়া ও সিংড়া এবং রাজশাহীর পুঠিয়া ও বাগমারা উপজেলায় বর্তমানে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গ্রাহক সংখ্যা চার লাখ ৭২ হাজার ৫৮১। সেবার মান বাড়াতে সমিতিভুক্ত নাটোর সদর উপজেলার দত্তপাড়া এবং রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন দুটি উপকেন্দ্র চালু করা হয়েছে। বর্তমানে সিংড়া উপজেলার খেজুরতলায় আরো একটি উপকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এনামুল হক বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ ইসমে আরা রাওমান।
সভায় বক্তারা সর্বস্তরের গ্রাহকদের উন্নত সেবা প্রদান, গ্রাহক সমস্যার সমাধান এবং চাহিদা অনুযায়ী নতুন সংযোগ প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেন।