ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বকেয়া পরিশোধের আশ্বাসে অবরোধ তুলে নিল শ্রমিকরা

নারায়ণগঞ্জ  প্রতিনিধি 
প্রকাশিত: ২১:১৩, ১৭ জানুয়ারি ২০২২
বকেয়া পরিশোধের আশ্বাসে অবরোধ তুলে নিল শ্রমিকরা
নারায়ণগঞ্জের কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা

নারায়ণগঞ্জের কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। সোমবার বিকেলে শ্রমিকরা তাদের পাওনার দাবিতে এ অবরোধ করেন।

এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। যানজট সৃষ্টির ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

জানা যায়, কাঁচপুর বিসিক শিল্প নগরী এলাকায় মার্কারী নীট ও্যায়ার প্রাইভেট লিমিটেড নামের একটি গার্মেন্টের শ্রমিকদের গত তিন মাস ধরে বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ বিভিন্ন সময়ে তাদের পাওনা পরিশোধ করার প্রতিশ্রুতি দিলেও বেতন পরিশোধ করছে না। বেতন পরিশোধ নিয়ে মালিক পক্ষ টালবাহানা শুরু করে। সোমবার তাদের পাওনা পরিশোধের শেষ দিন ছিল।

Advertisement

শ্রমিকরা গার্মেন্টসে এসে জানতে পারেন মালিকপক্ষ বেতন পরিশোধ না করার জন্য টালবাহানা করছেন। পরে বিকেল সাড়ে তিনটার দিকে গার্মেন্টসের অভ্যন্তরে প্রায় ৪ শতাধিক শ্রমিক বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিকেল ৫টার দিকে গার্মেন্টস থেকে বের হয়ে মহাসড়কের অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। শ্রমিক বিক্ষোভের ফলে মহাড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটের আটকে পড়ে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

শ্রমিকদের অভিযোগ, গার্মেন্টের মালিকপক্ষ তিন মাস ধরে তাদের বেতন পরিশোধ করছে না। ফলে তাদের জীবন যাপনে সমস্যার সৃষ্টি হচ্ছে। বেতন না পাওয়ায় টাকার অভাবে বাসা ভাড়া, দোকান বাকি, ছেলে মেয়েদের স্কুলের ভর্তি করতে পারছেন না তারা।

মার্কারী নীট ও্যায়ার প্রাইভেট লিমিটেডের শ্রমিক আকলিমা আক্তার বলেন, মালিক পক্ষ আমাদের তিন মাসের বেতন বকেয়া রেখেছেন। ফলে আমাদের জীবন চলাতে হিমশিম খেতে হচ্ছে। আমাদের বাসা ভাড়ার জন্য বাড়ির মালিকরা ভাড়া পরিশোধের জন্য চাপ দিচ্ছেন।

শ্রমিক আমজাদ হোসেন বলেন, বেতন বকেয়া থাকার কারণে আমাদের গার্মেন্টসে আসার যে ভাড়া লাগে সেটাও অন্যের কাছ থেকে ধার করে নিয়ে আসতে হয়। এখন আর কেউ ধার ও দোকান বাকি দিতে চান না।

মার্কারী নীট ও্যায়ার প্রাইভেট লিমিটেড ম্যানেজার (হিসাব) মো. সিরাজুল ইসলাম বলেন, মালিক পক্ষের সমস্যা থাকার কারনে আজ বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। তবে দু’একদিনের মধ্যে বেতন পরিশোধ করা হবে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. সাজ্জাত করিম খাঁন বলেন, অল্প সময়ের জন্য শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছিল। মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে আগামী দুদিনের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!