ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মা-বাবার কাছে লাশ হয়ে ফিরল ছোট্ট তিশা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১২, ২৫ জানুয়ারি ২০২২
মা-বাবার কাছে লাশ হয়ে ফিরল ছোট্ট তিশা
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় তিশা আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ বাঁশবাড়িয়া পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিশা একই ইউনিয়নের হাজীপাড়া এলাকার মোহাম্মদ নূর নবীর মেয়ে। সে হাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ বাঁশবাড়িয়া পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় তিশাকে একটি মিনিবাস চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।

Advertisement

সীতাকুণ্ড মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, বাসচাপায় আহত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।

এর আগে, একইদিন সকালে নগরীর আগ্রাবাদে বাসচাপায় মোহাম্মদ আনোয়ার হোসেন নামে এক রিকশাযাত্রী নিহত হন। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন নগরীর ডবলমুরিং থানার সুপারিপাড়া এলাকার মফিজ সওদাগরের বাসায় ভাড়ায় থাকতেন। তার বাবার নাম আব্দুল গনি।

জানা যায়, রিকশায় চড়ে আগ্রাবাদ-বিমানবন্দর সড়ক দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ আনোয়ার হোসেন। ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে পেছন থেকে ৬ নম্বর রুটের একটি বাস দ্রুতগতিতে এসে রিকশাটিকে চাপা দেয়। এতে আহত আনোয়ারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!