ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রাম নগরীতে কর বাড়ানো হবে না, আওতা বাড়বে: চসিক মেয়র

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৯, ২৬ জানুয়ারি ২০২২
চট্টগ্রাম নগরীতে কর বাড়ানো হবে না, আওতা বাড়বে: চসিক মেয়র
কর্পোরেশনের স্থায়ী কমিটির সিদ্ধান্ত পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নগরবাসীর ওপর কোনো কর বাড়ানো হবে না, শুধুমাত্র করের আওতা বাড়ানো হবে। তবে সর্বশেষ গৃহ কর পুনঃমূল্যায়নে অসংগতি আপিল করলে তাদের জন্য সহনীয় পর্যায়ে কর নির্ধারণ করা হবে।

মঙ্গলবার দুপুরে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের সম্মেলনকক্ষে কর্পোরেশনের স্থায়ী কমিটির সিদ্ধান্ত পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, আগামী রমজানে যেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না ঘটে সে বিষয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হবে। নগরীর বাজারগুলো নিয়মিত তদারকির মাধ্যমে মূল্য তালিকা প্রদর্শন, ভেজাল ও মানহীন পণ্য বিক্রয় নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া বাজারগুলোর স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তদারকি ও সচেতনতা বৃদ্ধি করতে হবে।

Advertisement

অবৈধ বাজার উচ্ছেদপূর্বক রাস্তা ও ফুটপাতে বাজার বসা বন্ধের উদ্যোগ নিতে নির্দেশনা দিয়ে তিনি বলেন, এরই মধ্যে নগরীর তিনটি বাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নগরীর অবশিষ্ট বাজারগুলোতেও পলিথিন ব্যবহার বন্ধে উদ্যোগ গ্রহণ করা হবে।

সভায় বলা হয়, অমর একুশকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় বইমেলা অনুষ্ঠানের যেসব আয়োজন করা হয়, তার সব প্রস্তুতি থাকা সত্ত্বেও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে কি ব্যবস্থা নেয়া যায় এ ব্যাপারে প্রকাশকদের সঙ্গে মতবিনিময় করে সিদ্ধান্ত নেয়া হবে। সাগরিকায় চসিকের নিজস্ব নির্মাণ সামগ্রী পরীক্ষাগারটি আবার সচল করার উদ্যোগ নিতে মেয়র সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

চসিকের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, স্ট্যান্ডিং কমিটিগুলোর সভাপতি কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, আবদুস সালাম মাসুম, মো. আব্দুল মান্নান, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, জহর লাল হাজারী, শৈবাল দাশ সুমন, মো. সলিমুল্লাহ বাচ্চু, আতাউল্লাহ চৌধুরী, মো. মোবারক আলী, কাজী নুরুল আমিন, গাজী শফিউল আজিম, মো. জহুরুল আলম জসিম, আবদুল বারেক, মো. ইলিয়াছ, নাজমুল হক ডিউক, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!