বৃহস্পতিবার বিকেলে উপজেলার আত্রাই নদীর পাড় এলাকা থেকে সাপ দুটি উদ্ধার করা হয়। ৫০ বছর বয়সী আজাহার আলী উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর এলাকার ইজাহাক আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, আত্রাই নদীর পাশে নিজের পটল ক্ষেতে কাজ করতে যান আজাহার আলী। এ সময় রাসেল ভাইপার সাপ দুটি দেখে কৌশলে প্লাস্টিকের বস্তায় ভরে ফেলেন। খবরটি ছড়িয়ে পড়লে সাপ দুটি এক নজর দেখতে ভিড় জমান উৎসুকরা।
.png)
আজাহার আলী বলেন, বিকেলে আত্রাই নদীর পাশে নিজের পটল ক্ষেতে কাজ করছিলাম। এ সময় সাপ দুটি দেখে ভয় পাই। তবু কৌশলে বস্তায় ভরে ফেলি। পার্শ্ববর্তী ভারত সীমানা থেকে নদী দিয়ে সাপ দুটি এসেছে বলে প্রাথমিক ধারণা করছি।
রাসেল ভাইপারের বাংলা নাম চন্দ্রবোড়া বা উলুবোড়া। বাংলাদেশে অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর, এর মধ্যে এটি একটি। রাসেল ভাইপার সাপের বৈজ্ঞানিক নাম Daboia russelii, যা ভাইপারিডি গোত্রের একটি ভয়ংকর বিষাক্ত সাপ। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এ সাপ বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় চারটি সাপের মধ্যে একটি।