মহেশখালীতে যুবককে গুলি করে হত্যার ঘটনায় মামলা
কক্সবাজারের মহেশখালীতে দুই পক্ষের গোলাগুলিতে যুবক নিহতের ঘটনার দু’দিন পর অবশেষে মামলা হয়েছে। মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতপরিচয়ে আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে।
নিহত মো. ফেরদৌসের চাচা সোমবার রাতে মহেশখালী থানায় এই মামলা করেছেন বলে মঙ্গলবার জানিয়েছেন ওসি আবদুল হাই।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই বাপ্পী সরকার জানান, আসামিদের মধ্যে আছেন স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমান মিন্টু। প্রধান আসামি করা হয়েছে মো. জাবেদ নামে একজনকে।
.png)
আরো পড়ুন: কুপ্রস্তাব দেওয়ায় যুবকের ‘বিশেষ অঙ্গ’ কেটে দিলেন গৃহবধূ
উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরা ঘোনা এলাকায় রোববার রাত পৌনে ১০টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। নিহত ২৬ বছর বয়সী মো. ফেরদৌস ফকিরা ঘোনা এলাকার নুরুচ্ছফার ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ফকিরা ঘোনার আরুব্বর ও চাইদ্দর গোষ্ঠীর মধ্যে জমি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন ফেরদৌস। তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে রাতেই পুলিশ দুইজনকে আটক করে। মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।