এইচএসসিতে দেশসেরা যশোর
৫ বছর পর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেশসেরা হয়েছে যশোর শিক্ষা বোর্ড। এ বোর্ডে এবার পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। এর আগে ২০১৬ সালে ৮৩ দশমিক ৪২ শতাংশ পাসের হার নিয়ে দেশসেরা হয়েছিল যশোর।
রোববার ঘোষিত ফলাফলে এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। এর মধ্যে রাজশাহী বোর্ডে ৯৭ দশমিক ২৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৯৫ দশমিক ৭৬, কুমিল্লা বোর্ডে ৯৭ দশমিক ৪৯, দিনাজপুর বোর্ডে ৯২ দশমিক ৪৩, চট্টগ্রাম বোর্ডে ৮৯ দশমিক ৩৯, সিলেট বোর্ডে ৯৪ দশমিক ৮০ ও যশোর বোর্ডে পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ।

.png)
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর যশোর বোর্ড থেকে ১ লাখ ৩১ হাজার ৫০০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২৮ হাজার ১৬৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন।
রোববার দুপুরে ফলাফল প্রকাশ উপলক্ষে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন হয়। এতে ফলাফল উপস্থাপন করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।
তিনি জানান, শর্ট সিলেবাস, অল্প নম্বর ও মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা হওয়ায় শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে।শিক্ষক্ষ, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় এবার ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের উত্তর দেওয়ার ক্ষেত্রে পছন্দের অপশন ছিল বেশি। প্রশ্নও ছিল মানসম্মত। শিক্ষার্থীদের ওপর চাপ ছিল কম। এ কারণেই ফলাফল ভালো হয়েছে।