ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকচাপা দিয়ে পাঁচ ভাইকে হত্যা, চালক সাইফুল তিনদিনের রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫২, ১৩ ফেব্রুয়ারি ২০২২
ট্রাকচাপা দিয়ে পাঁচ ভাইকে হত্যা, চালক সাইফুল তিনদিনের রিমান্ডে
অভিযুক্ত সাইফুল তিনদিনের রিমান্ডে

কক্সবাজারের চকরিয়ার পাঁচ ভাইকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগে আটক হওয়া ট্রাকচালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

রোববার বেলা দেড়টার দিকে চকরিয়া থানা পুলিশ সাইফুলকে চকরিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। পরে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও চকরিয়া থানার এসআই আবুল হোসেন রিমান্ড আবেদন করলে আদালত সাইফুলের তিনদিনের রিমান্ড মঞ্জুর করে। 

এসআই আবুল হোসেন বলেন, বিচারক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার দেব সাইফুলের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Advertisement

এর আগে গত শুক্রবার রাত পৌনে ১টার দিকে ট্রাকচালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করে র‌্যাব।

আরো পড়ুন: কুমারখালীতে ফাঁস দিল শিক্ষার্থী

গত ৮ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় সদ্যপ্রয়াত সুরেশ চন্দ্রের শ্রাদ্ধকর্ম সম্পন্নকালে ট্রাকচাপায় পাঁচ ছেলে ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হন সুরেশ চন্দ্রের আরও দুই ছেলে ও এক মেয়ে। 

আহতদের মধ্যে রক্তিম শীল চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে আছেন। নিহতদের বোন হীরা শীল মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার একটি পা কেটে ফেলা হয়েছে।

দুর্ঘটনার সময় নিহতদের ছোট বোন সাংবাদিক খগেশ চন্দ্রের স্ত্রী মুন্নি শীল ভাগ্যক্রমে বেঁচে যান। তিনি দাবি করেন, ট্রাকচাপা দেওয়ার পর পুনরায় এসে চাপা না দিলে তাদের পরিবারে এমন ভয়াবহ বিপর্যয় ঘটতো না।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!