বুধবার সন্ধ্যায় ফেনী-দরবেশের হাট সড়কের রতনপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. রাশেদুল ইসলাম রাশেদ। ২৫ বছর বয়সী রাশেদ জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি দীর্ঘদিন ওমানে থেকে কিছুদিন আগে দেশে ফেরেন।
স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় রাশেদকে নিয়ে মোটরসাইকেলে ফেনীতে যাচ্ছিলেন জায়লস্কর ইউপি সদস্য নুরুল হুদা সুমন। রতনপুর তালতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সামনে দিয়ে দৌড়াদৌড়ি শুরু করে একটি শিশু।
.png)
শিশুটিকে বাঁচাতে গিয়ে সুমন মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে গাছের সঙ্গে ধাক্কা খান রাশেদ। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ফেনীর একটি হাসপাতালে নেন। সেখানে রাশেদকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মামুন উর রশীদ মিলন জানান, আহত ইউপি সদস্য সুমনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।