ছাত্রলীগ নেতা তাকবির হত্যায় অস্ত্রসহ যুবক গ্রেফতার
বগুড়ায় কাটা রাইফেল, ম্যাগজিন, ধারালো চাকু ও এসএস পাইপসহ পারভেজ আল মামুন ওরফে মুক্তাদির নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পারভেজ ছাত্রলীগ নেতা তাকবির ইসলাম খান হত্যা মামলার আসামি।
রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সদরের পুরান বগুড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
২১ বছর বয়সী পারভেজ বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চাকলমা মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ফজলে মাবুদ শাহিন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ ছাত্রলীগ নেতা তাকবির হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। তাকবির হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন। তিনি তাকবির হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি নন। এজাহারভুক্ত আসামি আল-আমিন গ্রেফতার হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার জবানবন্দিতে মামুনের নাম উঠে আসে।
.png)
পুলিশ আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ম্যাগজিসহ একটি থ্রি নট থ্রি কাটা রাইফেল, দুটি ধারালো চাকু, দুটি এসএস পাইপসহ পারভেজকে গ্রেফতার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী জানান, পারভেজকে আদালতে পাঠানো হয়েছে। তিনি (মামুন) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে রিমান্ড আবেদন করা হবে।
গত বছরের ১১ মার্চ রাতে শহরের সাতমাথা এলাকায় হামলার শিকার হন তৎকালীন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবির ইসলাম খান। তাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়। পরে ১৬ মার্চ বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর আগে তার ওপর হামলার বর্ণনা দিয়ে গেছেন তিনি। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হয়।
এ ঘটনায় ছাত্রলীগ নেতা তাকবিরের মা আফরোজা ইসলামের করা মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়।