ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কৃষকের দেড় বিঘা জমির লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ২২ ফেব্রুয়ারি ২০২২
কৃষকের দেড় বিঘা জমির লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
ভৈরবে এক কৃষকের দেড় বিঘা জমির লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে এক কৃষকের দেড় বিঘা জমির লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। লাউ গাছ কেটে দেয়ায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় কৃষক। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারটি। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী কৃষক ও তার পরিবারসহ স্থানীয়রা দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

জানা যায়, উপজেলার গজারিয়া গ্রামের কৃষক আলী আজম ধার-দেনা করে চলতি মৌসুমে দেড় বিঘা জমিতে লাউ চাষ করেছেন। শ্রম-ঘাম ও পরিচর্যার পর গাছের ডগায় লাউ দোলছে। গাছে গাছে লাউ ধরায় লাভের মুখ দেখতে শুরু করেছিলেন আলী আজম। গাছে প্রায় ৩-৪ হাজার লাউ ধরেছে। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে ধারণা করছেন চাষি। আবার অনেক ডগাতে লাউয়ের কুড়ি ও পাতায় পাতায় সবুজের সমারোহে গাছগুলো পরিপূর্ণতায় ভরে উঠেছে। সবে মাত্র চাষকৃত লাউ বিক্রি শুরু করবেন। ঠিক সেই মূহূর্তে পূর্ব শত্রুতার জের ধরে রোববার রাতের আঁধারে চাষকৃত লাউগাছগুলোর মূল কেটে দেয়ায় গাছগুলো মরে গেছে। স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

একমাত্র উপার্জনের ফসল কেটে দেয়ায় ধার-দেনা পরিশোধ ও সংসারের খরচ মেটাবেন কিভাবে সে চিন্তায় দিশেহারা চাষি।

Advertisement

স্থানীয়রা জানান, শুধু আলী আজমের লাউ গাছই নয়। এলাকার অনেক কৃষকের লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বছর শিমুলকান্দিতে ও একই ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে স্থানীয় চাষিদের মাঝে এক ধরনের ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তাই কৃষকদের দাবি এসব দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেয়া হোক । 

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক আলী আজম জানান, ধার-দেনা করে দেড় বিঘা জমিতে লাউ চাষ করেছেন। প্রত্যেকটি গাছের ডগায় লাউ ধরেছে। প্রায় ৩-৪ হাজার লাউ বিক্রি করে আনুমানিক ৫-৬ লাখ টাকা বিক্রি করতে পারতাম। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে তার দেড় বিঘা জমির লাউ গাছের মূল কেটে দিয়েছে। এতে তিনি দেনা পরিশোধ করা ও সংসার চালাবে কিভাবে প্রশ্ন রাখেন। উক্ত ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেছেন বলেও জানান।

এ বিষয়ে গ্রামের কৃষক মিনু মিয়া, অহিদ মিয়া, ইকবাল মিয়া, ফজলু মিয়া ও জিল্লু মিয়া জানান, শুধু আলী আজমের লাউ ক্ষেতই নয় এলাকার অনেক কৃষকের ফসল রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দেয়।  কৃষকরা এখন আতঙ্কিত। তাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম জানান, কৃষক আলী আজমের দেড় বিঘা জমির লাউ কে বা কারা রাতের আঁধারে কেটে ফেলেছে। বিষয়টি ক্ষতিগ্রস্ত কৃষক আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রশাসনের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আর্থিক ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য সরকারি প্রণোদনা পেলে তাকে সহযোগিতা করা হবে। 

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, কৃষকের দেড় বিঘা জমির লাউ গাছ রাতের আঁধারে কে বা করা কেটে দিয়েছে তা শোনেছি। লিখিত অভিযোগ পাইনি। তবে কাজটি অত্যন্ত নিন্দনীয়। উপজেলা কৃষি কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!