মাকে ‘কাছে’ না পেয়ে মেয়েকে খুন, সেই বাড়িওয়ালার রিমান্ড চায় পুলিশ
কিশোরগঞ্জের ভৈরবে ৪ বছরের শিশু নদীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে নিহতের বাবা জাকির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার ভৈরব থানায় সোহেলকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেছেন।
এদিকে সোহেলেকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।
গত মঙ্গলবার নদীর মা রুমিকে কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে সোহেল রাত আনুমানিক ৮ টার দিকে নদীকে মুড়ি খাওয়ানোর কথা বলে তুলে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর নদীকে না পেয়ে রাতেই থানায় অভিযোগ দিলে পুলিশ রাত ১ টার দিকে পলতাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে কচুরিপানার ঝোপ থেকে শিশুর লাশ উদ্ধার করে।
নিহতের বাবা জাকির হোসেন জানান, তার স্ত্রীকে সোহেল কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে শিশুকে মুড়ি খাওয়ানোর কথা বলে তুলে নিয়ে হত্যা করেছে। তিনি সোহেলের ফাসিঁর দাবি করেন।
ভৈরব থানার ওসি গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় নিহতের বাবা জাকির হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। সোহেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামল মিয়া জানান জিজ্ঞাসাবাদে সোহেল হত্যাকাণ্ডে কথা স্বীকার করেছে। সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।