ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় ভাইয়ের হাতে ভাই খুন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০২২
খুলনায় ভাইয়ের হাতে ভাই খুন
খুলনা জেলা। ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউপির পাচানী গ্রামের ইউপি সদস্যের হাতে আপন ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটেছে। ঘটনার পর ইউপি সদস্যসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর গ্রামের মৃত ইকলাস মোল্লার ছেলে ইসরাইল মোল্লা নিজ বাড়িতে অবস্থান করছিলেন। আকস্মিকভাবে তার বাড়িতে হামলা চালায় নিহতের আপন ভাই, ইউপি সদস্য ইন্তাজ মোল্লা, তার ছেলে সোহাগসহ আরেক ভাই মারুফ মোল্লা। 

মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত তারা বেধড়কভাবে বাঁশের লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। একপর্যায়ে ইট দিয়ে ইসরাইল মোল্লার মাথার অর্ধাংশ থেতলে দেয়। ঘটনাস্থলে স্ত্রী খাদিজা পারভীন পৌছে ডাক-চিৎকার করতে থাকলে এলাকাবাসী এগিয়ে এলে ঘাতকরা পালিয়ে যায়। দ্রুত ইসরাইল মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Advertisement

নিহতের স্ত্রী জানান, জমিজমা সংক্রান্ত এবং কিছুদিন আগে সংঘটিত নির্বাচনকে ঘিরে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তার স্বামী ইউপি সদস্য প্রার্থী জব্বারের নির্বাচন করায় বিজয়ী প্রার্থী ইন্তাজ মোল্লা সুপরিকল্পিত এ হত্যাকাণ্ড সংঘটিত করেছেন বলে তিনি অভিযোগ করেন। নিহতের দুই পুত্র সন্তান রয়েছে।

এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের জন্য ব্যবস্থা গ্রহণ করছে। ঘাতকদের গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এ হত্যার খবরে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!