রাতে ফোন বন্ধ, সকালে মিলল লাশ
রাত ৮টা পর্যন্ত কর্মস্থল বসুরহাট মডার্ন হাসপাতালে ছিলেন। পরের দিন সকাল ১০টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নানার বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে শাহানাজ পারভীন প্রিয়তা নামে এক নার্সের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।
শাহনাজ পারভীন প্রিয়তা পার্শ্ববতী কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুরনবীর মেয়ে। তিনি সরকারি মুজিব কলেজ থেকে অনার্স পরীক্ষার্থী ছিলেন। পাশাপাশি বসুরহাট মডার্ন প্রাইভেট হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইয়াছিন মোল্লা বাড়ির পেছনের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
.png)
স্থানীয় বাসিন্দা শাহরিয়ার শিপন জানান, স্থানীয় কয়েকজন যুবক সকাল ১০টার দিকে বাড়ির পাশের ধানক্ষেতে ক্রিকেট খেলতে খেলে ঐ যুবতীর লাশ পড়ে থাকতে দেখে। এরপর খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
প্রিয়তার বাবা নুরনবী বলেন, প্রিয়তা আমার বড় মেয়ে। পড়া লেখার পাশাপাশি বসুরহাট মডার্ন হাসপাতালে নার্সের চাকরি করত। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত তার ডিউটি ছিল। গতকাল রাত ৮টার পরে প্রিয়তার মামী তার মুঠোফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়। তখন তারা ভাবে আজকে হয়তো সে আর আসবে না। সে হাসপাতালে মেয়েদের সঙ্গেও মাঝে মাঝে একটি বাসায় থাকত। আবার নানার বাড়ি কাছে হওয়ায় প্রায় সে নানার বাড়িতেও থাকত।
কোম্পানীঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রতন মিয়া ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান নিহত যুবতীর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার শরীরে আরো আঘাতের চিহ্ন থাকতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।