ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্যান্ডেল আনতে গিয়ে নিখোঁজ, বাঙালি নদীতে মিলল শিশুর লাশ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৯, ৪ মার্চ ২০২২
স্যান্ডেল আনতে গিয়ে নিখোঁজ, বাঙালি নদীতে মিলল শিশুর লাশ
নদীপাড়ে প্রত্যক্ষদর্শীরা

বগুড়ার শেরপুরে বাঙালি নদী থেকে নিখোঁজ শিশু রিফাতের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। শুক্রবার দুপুরে উপজেলার সুঘাট ইউনিয়নের মাওনা এলাকার বাঙালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে সহপাঠীদের সঙ্গে নদীতে গোসল করতে যায় রিফাত। গোসল শেষে পাড়ে উঠে মাদরাসার দিকে রওনা দেয়। পরে নদীপাড়ে ফেলে আসা স্যান্ডেল আনতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।

৯ বছর বয়সী রিফাত বগুড়া সদর উপজেলার নিশিন্দারা এলাকার রকি ফকিরের ছেলে। সে শেরপুরের বিনোদপুরের কাশিমুল উলুম হাফিজিয়া মাদরাসার আবাসিক ছাত্র ছিল।

Advertisement

জানা গেছে, বাঙালি নদীতে নিয়মিত গোসল করতো ওই মাদরাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে রিফাতসহ অন্যরা প্রতিদিনের মতো নদীতে গোসল করতে নামে। গোসল শেষে সহপাঠীদের সঙ্গে মাদরাসার দিকে রওনা দেয়। পথে স্যান্ডেল ফেলে রেখে আসার কথা মনে পড়ে। পরে একাই স্যান্ডেল নিতে নদীর তীরে যায় শিশুটি। কিন্তু আর ফেরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন মাদরাসাশিক্ষকরা। সন্ধান না পাওয়ায় রাতে শেরপুর থানায় সাধারণ ডায়েরি করেন রিফাতের বাবা ও মাদরাসা কতৃপক্ষ।

অভিযোগের ভিত্তিতে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ রাজশাহীর ডুবুরি দলকে খবর দেয়। শুক্রবার বাঙালি নদীতে তল্লাশি চালিয়ে রিফাতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে ডুবুরি দল।

শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, রিফাতের ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!