ভুট্টাক্ষেতে মিলল নিখোঁজ নারীর মরদেহ
চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেত থেকে রহিমা খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সদর উপজেলার কুতুবপুর গ্রামের পাশের মাঠের একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রহিমা খাতুন ওই গ্রামের মৃত আকাল আলীর মেয়ে।
স্থানীয়দের বরাতে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে প্রতিবেশী এক নারীর সঙ্গে গবাদিপশুর জন্য মাঠে ঘাস কাটতে যান রহিমা খাতুন। প্রতিবেশী ওই নারী ফিরে আসলেও রহিমা খাতুন বাড়ি ফেরেননি। রাতেও বাড়িতে না ফিরলে শুরু হয় খোঁজাখুঁজি। পরে যেই মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন ওই স্থানেই বসা অবস্থায় রহিমা খাতুনের মরদেহ দেখতে পায় গ্রামবাসী। খবর দেওয়া হয় পুলিশকে। রাতে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
আরো পড়ুন: ভাতিজার প্রেমে মগ্ন চাচি, পরকীয়া প্রেমে বলি হলেন চাচা
তিনি আরও বলেন, স্বামীর মৃত্যুর পর দুই মেয়ের বিয়ে দিয়ে বাবার বাড়িতেই থাকতেন রহিমা। হার্টের সমস্যাসহ বিভিন্ন জটিল সমস্যায় ভুগছিলেন তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ঘাস কাটা অবস্থায় মৃত্যু হয়েছে রহিমা খাতুনের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।