ইসলামপুরে ভাগিনাকে কুপিয়ে হাসপাতালে পাঠালেন মামা
জামালপুরের ইসলামপুর উপজেলায় ভাগিনা মুহিবুল্লাহকে কুপিয়ে হাসপাতালে পাঠালেন পাষণ্ড মামা সুলতান মিয়া। শনিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত মুহিবুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহত মুহিবুল্লাহ ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া এলাকার আলম মিয়ার ছেলে। সুলতান মুন্সি মোহাম্মদপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত তমজুদ্দিন মুন্সির ছেলে। সুলতান মুন্সি আর মুহিবুল্লাহর মধ্যে মামা-ভাগিনা সম্পর্ক।
সরেজমিনে দেখা যায়, মুজিবুল্লাহ দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর পশ্চিমপাড়ে গ্রামে নানার বাড়িতে বসবাস করে আসছেন। তিনি বিয়েও করেছেন তার এক মামাতো বোনকে।
আহত মুহিবুল্লাহর মা মাহমুদা বেগম বলেন, আমার বাবা তমজুদ্দিন মুন্সি কয়েক বছর আগে মারা গেছে। বাবা যাওয়ার পর থেকে আমার ভাগের সম্পত্তি দখল করতে নানাবিধ ফন্দি ফিকির করছিল ভাই সুলতান মুন্সি। মাঝে মধ্যেই ঠুনকো অভিযোগ তোলে সুলতান মুন্সি আমার ছেলে মুহিবুল্লাহকে শাসিয়ে আসছে। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। একপর্যায়ে শনিবার দুপুরে শত্রুতার জেরে সুলতান মুন্সি একা পেয়ে আমার ছেলে মুহিবুল্লাহর ওপর অতর্কিতভাবে আক্রমণ করে। এতে মুহিবুল্লাহর মাথার অগ্রভাগ রক্তাক্ত কাটা জখম হওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলার সৃষ্টি হয়। গুরুত্ব আহতবস্থায় স্থানীয়রা মুহিবুল্লাহকে উদ্ধার করে উপজেলার সরকারি হাসপাতালে ভর্তি করেছে।
এবিয়ে যোগাযোগ করতে অভিযুক্ত সুলতান মুন্সির বাড়িতে গেলেও তাকে পাওয়া না যাওয়ায় তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইসলামপুর থানার এসআই হাসমত আলী বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত অভিযোগ পেলেই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে।