ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লঞ্চ ও কার্গো দুটিই চলে বেপরোয়া গতিতে: তদন্ত কমিটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ২১ মার্চ ২০২২
লঞ্চ ও কার্গো দুটিই চলে বেপরোয়া গতিতে: তদন্ত কমিটি
জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম বেপারী ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ‘এম এল আফসারউদ্দিন’ ডুবে যাওয়ার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম বেপারী জানান, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ধাক্কা দেওয়া কার্গো জাহাজ এবং ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চের দুই চালকই বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আলআমিন নগর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন।

শামীম বেপারী বলেন, আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি দুজনই বেপরোয়া গতির চালক ছিলেন (বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন)। আমরা ঘটনা পর্যবেক্ষণ করে বিস্তারিত জানাতে পারবো। আশা করি এবার আমরা জোরালো পদক্ষেপ নিতে পারবো।’

রোববার দুপুরে সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯-এর ধাক্কায় নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জগামী ‘এম এল আফসারউদ্দিন’ নামে লঞ্চটি ডুবে যায়।

এ ঘটনায় রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম বেপারীকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। সেইসঙ্গে নিহত প্রত্যেকের মরদেহ দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে।

এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন। বাকিদের মধ্যে তিনজন নারী, দুজন পুরুষ ও দুই শিশু রয়েছে। সেইসঙ্গে জীবিত উদ্ধার করা হয়েছে ১৫ জনকে। এখনো নিখোঁজ রয়েছেন চারজন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: লঞ্চডুবি
লিংক সফলভাবে কপি হয়েছে!