সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় মধু সংগ্রহের সময় বাঘের হামলায় মৌয়াল সোলাইমান শেখ মারা গেছেন।
শুক্রবার সকাল ৬টার দিকে তিনি বাঘের হামলায় নিহত হন। পরে তাকে উদ্ধার করে তার সহকর্মী মৌয়ালরা। তার লাশ লোকালয়ে আনা হচ্ছে বলে বনবিভাগ জানিয়েছে।
সোলাইমান উপজেলার কাশিমাড়ী ইউপির গোদাড়া গ্রামের আনছার আলী শেখের ছেলে।
.png)
কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ জানান, সোলাইমান বাঘের আক্রমণে নিহত হয়েছেন। তবে তার উদ্ধারকারী সহকর্মীরা লোকালয়ে ফিরে না আসলে বিস্তারিত বলতে পারছি না।
বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) নূর আলম জানান, সপ্তাহখানেক আগে বুড়িগোয়ালিনী বন অফিস হতে মধু সংগ্রহের অনুমতি বনের ভেতরে যায় সোলাইমান শেখ। শুক্রবার সকালে কাচিকাটা এলাকায় তিনি বাঘের আক্রমণে নিহত হয়েছেন বলে জানতে পেরেছি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান জানান, সোলাইমান শেখকে তার মৌয়াল সহকর্মীরা উদ্ধার করেছে। তার লাশ লোকালয়ে না আনা পর্যন্ত কোনো কম্পার্টমেন্টে মারা গেছেন বলতে পারছিনা। তবে যেহেতু তিনি বনবিভাগের অনুমতি নিয়ে বনে গিয়েছিলেন, বিধি অনুযায়ী তার পরিবার ক্ষতিপূরণ পাবেন।