ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের ইনজেকশন ভুল করে পুশ, ইনকিউবেটরে নবজাতক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৫, ৮ মে ২০২২
মায়ের ইনজেকশন ভুল করে পুশ, ইনকিউবেটরে নবজাতক
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় আদি ডাচ-বাংলা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে মায়ের ইনজেকশন ভুল করে এক নবজাতকে পুশ করার অভিযোগ উঠেছে। এতে অসুস্থ হয়ে পড়া ওই নবজাতককে আরেকটি ক্লিনিকের ইনকিউবেটরে রাখা হয়েছে।

রোববার (৮ মে) বিকেলে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নবজাতকের স্বজনরা। এর আগে একই দিন এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামের বাসিন্দা সুজন আকবরের স্ত্রী সাদিয়া আক্তার গত ৬ মে রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের আদি ডাচ-বাংলা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে সিজারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন। চিকিৎসক প্রসূতির জন্য প্রেসক্রিপশনে বিভিন্ন ওষুধের পাশাপাশি একটি ইনজেকশন লেখেন। শনিবার (৭ মে) সন্ধ্যায় ওই ক্লিনিকের সেবিকা আশা ইনজেকশনটি প্রসূতির বদলে নবজাতকের শরীরে পুশ করেন। এতে অসুস্থ হয়ে পড়ে নবজাতকটি।

Advertisement

নবজাতকের বাবা সুজন আকবর জানান, চিকিৎসাক্ষেত্রে সঠিক হাসপাতাল বাছাই করা খুব জরুরি। হাসপাতাল বাছাইয়ে আমার ভুল হয়েছে। আমার নবজাতক মৃত্যুশয্যায় আছে। এ ঘটনায় থানায় ও সিভিল সার্জন অফিসে অভিযোগ দিয়েছি।

আদি ডাচ-বাংলা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সোহেল মিয়া অভিযোগ স্বীকার করে জানান, ওই নবজাতক এখন ভালো আছে। তার চিকিৎসায় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরামউল্লাহ অভিযোগ পাওয়ার কথা জানিয়ে বলেন, আজ শনিবার বিকেলেই আমরা লিখিত অভিযোগটি পেয়েছি। এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, আজ রোববার আদি ডাচ-বাংলা হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত একটি ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!