মাদক নিয়ে পৌঁছার আগেই ধরা পড়লেন বগুড়ায়
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৩৩০ ইয়াবাসহ দুই বাসযাত্রীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে ওই উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ী এলাকায় যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- রংপুর পীরগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের ২৮ বছরের আবু রায়হান মিয়া ও কক্সবাজার টেকনাফের হাবিবছড়ি এলাকার ৩৩ বছর বয়সী সাঈদ।
.png)
এ তথ্য নিশ্চিত করে বগুড়ার র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেতগাড়ী এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। ওই সময় ঢাকা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ইয়াবাসহ ওই দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, আটককৃতদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।