ক্লু-লেস হত্যা মামলায় গ্রেফতার ৪, দুইজনের জবানবন্দি
ফেনীর পরশুরামে একটি ক্লু-লেস হত্যা মামলায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে দুইজন শুক্রবার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজ উদ্দিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তারা হলেন- শিশির কুমার দে ও মো. ইব্রাহিম। গ্রেফতারকৃত বাকি দুইজন হলেন- মো. আরমান হোসেন মুন্না ও মো. রাকিবুল ইসলাম। চারজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ জানায়, গত ১০ মার্চ রাত ৯টার দিকে ফেনীর পরশুরাম উপজেলার খণ্ডল বাজারে ধান বিক্রি করে বাজার থেকে বাড়ি ফিরছিলেন জসিম উদ্দিন। কিছু দূর যাওয়ার পর ৭ জন ছিনতাইকারী মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশায় এসে তার গতিরোধ করে। তারা প্রথমে জসিম উদ্দিনের পকেট থেকে ধান বিক্রির টাকা ও একটি স্যামসং অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেয়। ঐ সময় জসিম উদ্দিন একজন ছিনতাইকারীকে জাপটে ধরেন। এক পর্যায়েঅন্য ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাহত করে টাকামোবাইল নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় জসিম উদ্দিন ঘটনাস্থলের পাশে আবুল কশেম নামে একজনের বাড়িতে যান। ঐ বাড়ির লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
এদিকে, ঐ ঘটনায় কোনো সাক্ষী না থাকায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। পরশুরাম মডেল থানার এসআই মো. আলমগীর হোসেন তথ্যপ্রযুক্তির মাধ্যমে তিন মাস তদন্তের পর বৃহস্পতিবার রাতে একই উপজেলার বক্স মাহমুদ বাজার এলাকা থেকে সন্দেহভাজন চার আসামিকে গ্রেফতার করেন। তাদের মধ্যে দুইজন জবানবন্দিতে জানায়- পরিকল্পিতভাবে জসিম উদ্দিনের টাকা-মোবাইল ছিনতাই ও হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
পরশুরাম মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঘটনার সঙ্গে জড়িত বাকি তিন পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।