প্রেমিককে ভিডিওকলে রেখে প্রেমিকার আত্মহত্যা
মানিকগঞ্জের হরিরামপুরে প্রেমঘটিত কারণে প্রেমিককে ভিডিও কলে রেখে ফাঁস দিয়ে প্রেমিকা সুমাইয়া আক্তার আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের দাসকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার (১৮) দাসকান্দি গ্রামের মৃত কুরবান আলীর মেয়ে।
উপজেলার ৬নং বয়ড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য কালিপদ রায় জানান, প্রেমঘটিত কারণে বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
.png)
সুমাইয়ার বোন সালমা আক্তার জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বাঘিয়া গ্রামের কেসমত আলীর ছেলে মো. সুমন হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে সুমাইয়া আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে উভয়পক্ষই সুমাইয়া এবং সুমনের বিয়েতে রাজি থাকলেও ছেলের বাবা কেসমত আলী ছেলেকে বিদেশে পাঠানোর খরচ হিসেবে যৌতুক দাবি করে মেয়েপক্ষকে শর্ত দেয়।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সুমন সুমাইয়াদের বাড়িতে এসে সুমাইয়া ও তার ভাই-বোনদের সঙ্গে কথা বলেন। তিনি তার বাবার কথায় রাজি হওয়ার জন্য সুমাইয়ার পরিবারকে বিষয়টি জানান। এরপর রাত ১টার দিকে সুমাইয়ার বোন সালমা আক্তারের মোবাইল ফোনে সুমাইয়া সুমনকে ভিডিওকলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
শুক্রবার বিকেলে হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, প্রেমঘটিত কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।