বগুড়ায় আরো ১০ ট্রাক সার উদ্ধার
বগুড়ায় আরো ১০ ট্রাক টিএসপি সার উদ্ধার করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) বগুড়া বাফার গুদাম কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া বাফার গুদাম ইনচার্জ মো. মোস্তফা কামাল। এর আগে, সোমবার রাতে এসব সার উদ্ধার করা হয়। এর আগের দিন রাতে সাত ট্রাক সার উদ্ধার করা হয়েছিল।
মোস্তফা কামাল জানান, উদ্ধার করা ১৭ ট্রাকের সার পরীক্ষা করার জন্য চট্টগ্রাম থেকে তিন সদস্যর একটি টিম বগুড়ায় এসেছে। এ টিমে টিএসপি কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) মাজহারুল ইসলাম, উৎপাদন বিভাগের ব্যবস্থাপক রেজাউল করিম ও মার্কেটিং বিভাগের ব্যবস্থাপক আব্দুল আউয়াল রয়েছেন। তারা নমুনা সংগ্রহ করেছেন। এছাড়া এসব সার পরীক্ষার জন্য রাজশহীতেও নমুনা পাঠানো হয়েছে।
.png)
বাফার গুদামের এ ইনচার্জ জানান, রোববার রাত ৩টার দিকে চট্টগ্রামের পতেঙ্গার টিএসপি সার কারখানা থেকে বগুড়ার বাফার গুদামে সাত ট্রাক সার পৌঁছায়। বগুড়া বাফার গুদামে এ সারগুলো পরিবহন করেছে চট্টগ্রামের দেওয়ান হাটের মেসার্স এমএইচআর কর্পোরেশন। সোমবার সকালে প্রাথমিক পরীক্ষার জন্য কিছু সার ট্রাক থেকে নামানো হয়। এরপরই এসব সার নকল বা ভেজাল মেশানো রয়েছে বলে সন্দেহ হয়। পরে পরীক্ষায় জন্য হেফাজতে নেয়া হয়। একই সঙ্গে চট্টগ্রাম টিএসপি সার কারখানা কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়।
তিনি আরো জানান, সোমবার রাতে একই স্থান থেকে বগুড়া বাফার গুদামে আরো দশ ট্রাক সার আসে। এসব সার পরিবহন করে চট্টগ্রামের দেওয়ান হাটের মেসার্স এমএইচআর কর্পোরেশন। গুদামজাত করার আগে প্রাথমিক পরীক্ষায় এসবও নকল বা ভেজাল সার বলে সন্দেহ হয়। পরে পরীক্ষার জন্য উদ্ধার করা হয়। প্রতি ট্রাকে ২৮০ বস্তায় ৫০ কেজি করে টিএসপি সার রয়েছে।