ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতের কব্জি কর্তনের পর ফের দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৮, ১৭ নভেম্বর ২০২২
হাতের কব্জি কর্তনের পর ফের দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
ফাইল ছবি

ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর বাজারের দখল নিয়ে দ্বিতীয় দিনে দুইপক্ষের দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর থেকে কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ী এলাকায় এ সংঘর্ষ বাধে। এতে দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

নিহতের নাম জালাল ফকির (৩৮)। তিনি হাটকৃষ্ণপুর ইউপির নিজ গ্রামের শুকুর ফকিরের ছেলে। বৃহস্পতিবার দুপুরে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দ্বিতীয় দিনে আহত হয়েছেন আরো ১০ জন। ফলে দুইদিন মিলিয়ে প্রায় ২৫ জন আহত হয়েছেন। তাদের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের হাটকৃষ্ণপুর বাজারের দখল নিয়ে সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল ফকিরের সমর্থকদের সঙ্গে বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাসের সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার বিকেল থেকে তাদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এতে বৃহস্পতিবার নিহত জালাল ফকির বর্তমান চেয়ারম্যান তিতাসের সমর্থক।

Advertisement

গতকাল বুধবার বিকেলে সংঘর্ষ শুরুর পর তিতাসের সমর্থকরা প্রতিপক্ষ বিল্লাল ফকিরের সমর্থক গিয়াসউদ্দিন তালুকদার (৪০) নামে এক ব্যক্তির হাতের কব্জি কেটে আলাদা করে ফেলেন। তীব্র উত্তেজনার মধ্যে বুধবার রাতে বিরতির পর বৃহস্পতিবার ভোর থেকে আবারো সংঘর্ষ শুরু হয়। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া বলেন, সংঘর্ষের ঘটনায় জালাল নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। বিস্তারিত পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!