ডোবায় বস্তায় পাওয়া গেল মাথার খুলি ও হাড়
বগুড়ায় কবরস্থানের পাশের এক ডোবা থেকে মানুষের তিনটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করেছে পুলিশ।
বুধবার মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানার এসআই রুম্মান হাসান। এর আগে, ওই দিন বিকেলে সদরের দক্ষিণ বাঘোপাড়া গ্রামের এক শুকনো ডোবাতে এসব পাওয়া যায়। প্লাস্টিকের এক বস্তায় মাথার খুলি ও হাড় ভরে সেখানে ফেলে রাখা হয়েছিল।
এসব খুলি ও হাড় প্রায় দুই যুগ আগের হবে- এমন ধারণা করা হচ্ছে বলে জানান এসআই রুম্মান।
.png)
তিনি বলেন, মানুষের ফেলে দেওয়া প্লাস্টিকের নানা সামগ্রী (বোতল, মোড়ক) ও লোহা কুড়িয়ে জীবিকী নির্বাহ করা কয়েকজনের নজরে পড়ে ডোবায় পড়ে থাকা ওই বস্তা। তারা বস্তাটি ডোবা থেকে তুলে আনেন। এরপর বস্তা খুলে মাথার খুলি ও হাড়গুলো দেখতে পান। বিষয়টি তারা স্থানীয়দের জানান।
এসআই রুম্মান আরো বলেন, পরবর্তীতে স্থানীয়দের মধ্যে একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই গুলো উদ্ধার করা হয়।
তিনি বলেন, তিনটি মাথার খুলি থেকে দাঁতগুলো আলাদাভাবে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে ডিএনএ পরীক্ষাসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ডিএনএ প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে কতদিন আগে এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে। একই সঙ্গে জানা যাবে মাথার সব খুলি পুরুষের নাকি এরমধ্যে নারীও আছেন।
মেডিকেল রিপোর্ট অনুযায়ী এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।