ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ৩ ডিসেম্বর ২০২২
কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের কৃষক মাজেদুল ইসলাম শিমুলের কলা বাগানের ৭০০টি কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা দ্বারিয়াপুর ইউনিয়নের গড়াই নদী সংলগ্ন গঙ্গারামখালি মাঠে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শুক্রবার সকালে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাব্বারুল ইসলাম, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, জেলা পরিষদ সদস্য আরজান বিশ্বাস বাদশা ও স্থানীয় ইউপি সদস্য আমির হামজা ঘটনাস্থল পরিদর্শন করেন। ন্যক্কারজনক এ ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক মাজেদুল ইসলাম শিমুল জানান, তিনি ৮২ শতাংশ জমিতে মাল্টা বাগান করেছিলেন। পরে তিনি ঐ জমিতে ৭৩০টি কলাগাছ লাগান। প্রায় প্রতিটি গাছেই কলা ধরেছে। ব্যবসায়ীদের কাছে বাগানটি সাড়ে তিন লাখ টাকায় বিক্রি করেছেন। এরই মধ্যে তাদের কাছ থেকে দুই লাখ টাকা নেয়া হয়েছে। এর মধ্যে কোপ দিয়ে ৭০০টি গাছের মূল অংশ কেটে দিয়েছে। একটু বাতাস হলেই সব গাছ পড়ে যাবে। একটি গাছও বাঁচবে না। পরিকল্পিতভাবে গাছগুলো কেটেছে দুর্বৃত্তরা। তদন্ত সাপেক্ষে সঠিক বিচার দাবি করেন তিনি।

Advertisement

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, আমি সংবাদ পাওয়ার পর এখানে এসেছি। একজন চাষির এমন ক্ষতি আসলে সহ্য করার মতো না। আমরা চাই, প্রশাসন ও সাধারণ জনগণ এমন অন্যায় কাজকে প্রতিহত করুক।

শ্রীপুর থানার ওসি জাব্বারুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!